মালয়েশিয়ার কাছ থেকে আশানুরূপ চাহিদা পাওয়া যায়নি: মন্ত্রী
মালয়েশিয়ার কাছ থেকে আশানুরূপ চাহিদা না পাওয়ায় সরকার টু সরকার (জি টু জি) পদ্ধতিতে সে দেশে প্রত্যাশিত হারে কর্মী পাঠানো সম্ভব হয়নি। তবে নতুন পদ্ধতিতে আগামী তিন বছরে ১৫ লাখ কর্মী পাঠানো সম্ভব হবে। আজ বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম এ কথা বলেন।
সরকারি দলের মোয়াজ্জেম হোসেনের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, কর্মী পাঠানোর বিষয়ে নিয়োগ কর্তাদের কাছ থেকে মালয়েশিয়া সরকারের মাধ্যমে আশানুরূপ চাহিদা পাওয়া যায়নি। যে কারণে সেখানে প্রত্যাশিত হারে কর্মী পাঠানো সম্ভব হয়নি। তবে গত অক্টোবরে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে সম্পৃক্ত করে জি টু জি প্লাস প্রক্রিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। আগামীকাল দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যায়। সেটি হলে আগামী তিন বছরে ১৫ লাখ কর্মী পাঠানো সম্ভব হবে।
আজ বিকেল পৌনে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৬১টি দেশে কর্মী পাঠানো হতো। এখন পাঠানো হচ্ছে ১৬১ দেশে। ২০১৩ সালে চার লাখ নয় হাজার, ২০১৪ সালে চার লাখ ২৫ হাজার এবং ২০১৫ সালে পাঁচ লাখ ৫৫ হাজার কর্মী পাঠানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর জবাব
সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ভারত থেকে পাঁচ হাজার ৮১১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে থাকে। অপরদিকে রপ্তানি করে ৫২৭ মিলিয়ন ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতির পরিমাণ পাঁচ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। ভুটান ও মিয়ানমারের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ যথাক্রমে ২৩.৭৮ মিলিয়ন ও ৫.২০ মিলিয়ন ডলার। তবে বাংলাদেশ নেপালে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে থাকে। দেশটি থেকে আমদানি করা হয় ১১.৫০ ডলারের পণ্য এবং রপ্তানি হয় ২৫.০৫ মিলিয়ন ডলারের পণ্য।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারকে নিয়ে গঠিত আঞ্চলিক বাণিজ্য জোট ঘাটতি কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখবে। জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ভারত, চীন ও অন্যান্য দেশ থেকে ২২৪ কোটি টাকার জুতা আমদানি করা হয়েছে।
সরকারি দলের আবদুল ওয়াহাবের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ১৯৬টি পণ্য রপ্তানি করেছে। রপ্তানি আয় ৩১ হাজার ২০৮ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আয় হয়েছে ১৬ হাজার ৮৪ মিলিয়ন ডলার। পিনু খানের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, গত অর্থবছরে বাংলাদেশ ৭.৬৬ মিলিয়ন ডলারের কাঁকড়া বিদেশে রপ্তানি করেছে।
এদিকে, আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২০১৪-১৫ অর্থবছরে দেশে চাল ও গমের চাহিদা ছিল ২৯৫ লাখ টন। অপরদিকে উৎপাদন হয়েছে ৩৬০ লাখ টন। আর জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বেকার জনগোষ্ঠী ২৬ লাখ।