মালয়েশিয়ার শ্রমবাজার এখনো উন্মুক্ত হয়নি জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, ‘এ বিষয়ে আমরা এখনো অন্ধকারে আছি। তারা কী করতে চায়, তা আমরা জানি না। কবে এ বাজার খুলবে, তা-ও জানি না।’
প্রবাসীকল্যাণ ভবনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
৬ থেকে ১৪ আগস্ট মন্ত্রীর লেবানন ও জর্ডান সফর নিয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার জন্য কাউকে কোনো ধরনের টাকা না দেওয়ার জন্য আবারও সতর্ক করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশি কর্মী নেওয়া শুরু হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। এর আগে কেউ কাউকে কোনো টাকা দেবেন না। মন্ত্রী বলেন, কোনো নিয়োগকারী সংস্থা মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে টাকা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ার বাজার নিয়ন্ত্রণে একটি চক্রের তৎপরতা সম্পর্কে মন্ত্রী বলেন, কাউকে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না।
সম্প্রতি সৌদি আরব সব খাতে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু সেখানে যেতে বেশি খরচ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, সৌদি আরবে যাওয়ার খরচ যেন কম হয়, সে বিষয়টি কঠোরভাবে তদারক করা হবে। জর্ডান ও লেবানন সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ দুটি ডাক্তার, নার্স, বিক্রয়কর্মীসহ বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে।
মন্ত্রী ৬ থেকে ৯ আগস্ট জর্ডান সফরে ছিলেন। মন্ত্রী জানান, জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ির সঙ্গে বৈঠকে বাংলাদেশি গৃহকর্মীদের সঠিক প্রশিক্ষণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, গৃহকর্মীদের সুরক্ষা দেওয়াসহ নানা বিষয়ে কথা হয়েছে। ১০ থেকে ১৪ আগস্ট লেবানন সফরের বিষয়ে মন্ত্রী বলেন, কর্মী প্রেরণসংক্রান্ত বিষয়ে উভয় দেশ দ্রুত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে।