মালয়েশিয়ার ত্রাণ পেল আরও ৬০০ রোহিঙ্গা পরিবার
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুটি শিবিরের ৬০০ রোহিঙ্গা পরিবারের মাঝে গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে আসা ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি নটিক্যাল আলিয়া নামের জাহাজে করে মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৭২ মেট্রিক টন ত্রাণসামগ্রী বাংলাদেশে আসে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় উখিয়া ও টেকনাফের তিনটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ১৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে নটিক্যাল আলিয়ায় করে আসা মালয়েশিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল।
গতকাল টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণ কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা, ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী।
জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সদ্য আসা ৩০০ পরিবার ও দুপুরে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ৩০০ পরিবারের মধ্যে ১৩ ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ১৫ হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
জেলা প্রশাসক জানান, ত্রাণ বিতরণে যাতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না হয়, সে জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদারকে প্রধান করে ১৩ সদস্যের ত্রাণ বিতরণ কমিটি গঠন করা হয়েছে। রোহিঙ্গাদের তালিকা তৈরির পর কার্ডের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
ত্রাণসামগ্রী পেয়ে খুশি মিয়ানমারের রাখাইন রাজ্যের আমতলী গ্রাম থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সাজেদা বেগম (৩৫)। টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা সাজেদা বেগম বলেন, গতকাল তিনি চাল, ডাল, চিনি, আটা, ময়দা, দুধ, চা, সাবানসহ ১৬ ধরনের ত্রাণসামগ্রী পেয়েছেন; যা দিয়ে তাঁর পরিবারের দুই মাস চলে যাবে।