মালয়েশিয়ার ত্রাণ পেল ১৫০ রোহিঙ্গা পরিবার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তিনটি রোহিঙ্গা শিবিরে আজ বুধবার ১৫০টি রোহিঙ্গা পরিবারের মধ্যে মালয়েশিয়া থেকে আনা ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ ‘নটিক্যাল আলিয়া’য় আসা ২৫ সদস্যের একটি দল মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে এই ত্রাণ বিতরণ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার পার্লামেন্ট সদস্য আবদুল আজিজ বিন আবদুল রহিম।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, বেলা ১১টায় দিকে মালয়েশিয়া প্রতিনিধিদলের সদস্যরা উখিয়া উপজেলার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে পৌঁছান। এরপর সেখানকার অতিদরিদ্র ৫০টি রোহিঙ্গা পরিবারের মাঝে (প্রতি পরিবারে পাঁচ থেকে সাতজন) ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণে যৌথভাবে সহযোগিতা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্ট সোসাইটি।
কুতুপালং অনিবন্ধিত শিবিরে পৌঁছে মালয়েশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করেন। এ সময় অনেকে রোহিঙ্গা শিশুদের কোলে তুলে নিয়ে আদর করেন। রোহিঙ্গা শিশু-কিশোরদের মধ্যে বিতরণ করেন চকলেট।
এ সময় আবদুল আজিজ বিন আবদুল রহিম সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গারা প্রাণের ভয়ে, সবকিছু ফেলে বাংলাদেশ পালিয়ে এসেছেন। বাংলাদেশ অসহায় এই রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে মহানুভবতা দেখিয়েছে। মালয়েশিয়া থেকে আনা ত্রাণসামগ্রীর কিছু অংশ অসহায় রোহিঙ্গাদের মাঝে নিজ হাতে বিতরণ করতে পেরে শান্তি পেয়েছি।’
পরবর্তী সময়ে আরও ত্রাণসামগ্রী রোহিঙ্গাদের জন্য পাঠানো হবে বলে আশ্বস্ত করেন আবদুল আজিজ বিন আবদুল রহিম। তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের এমন দুরবস্থা সম্পর্কে তাঁদের মোটেও ধারণা ছিল না। বনাঞ্চলের ঝুপড়ি ঘরের রোহিঙ্গা বসতি তাঁদের বিবেককে নাড়া দিয়েছে। ত্রাণসামগ্রী বিতরণের সুযোগ দেওয়ায় তিনি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রোহিঙ্গা ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মাজহারুল হক, রেড ক্রিসেন্টের পরিচালক নাজমুল আজম খান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন প্রমুখ।
দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ান প্রতিনিধিদলের সদস্যরা উখিয়ার বালুখালী এলাকায় সম্প্রতি স্থাপিত আরেকটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে গিয়ে আরও ৫০টি রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বেলা সাড়ে তিনটার দিকে তৃতীয় দফায় টেকনাফের লেদা অনিবন্ধিত শিবিরে গিয়ে সেখানকার আরও ৫০টি রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, চিনি, খাদ্যশস্য, ভোজ্যতেল, কম্বল, চিকিৎসার সামগ্রীসহ প্রায় ৩৫ প্রকার পণ্য। এসব দিয়ে একটি রোহিঙ্গা পরিবারের দুই মাসের চাহিদা পূরণ হবে।
ত্রাণ পেয়ে মহাখুশি মিয়ানমারের রাখাইন রাজ্যের গজরবিল গ্রাম থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সৈয়দ নুর ও কাদির হোসেন। সৈয়দ নুর বলেন, গত ২৮ ডিসেম্বর সেখানকার সেনাবাহিনী ও পুলিশ তাঁর ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে তাঁর তিন বছর বয়সী এক ছেলে। পরে কিশোরী মেয়েকে ধরে নিয়ে ধর্ষণ করে। এরপর তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে উখিয়া পালিয়ে আসেন। আশ্রয় নেন কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে। এত দিন খেয়ে না-খেয়ে সময় পার করছিলেন। এখন মালয়েশিয়ার ত্রাণ পেয়ে দুশ্চিন্তা কিছুটা কেটে গেল।
এই কুতুপালং অনিবন্ধিত শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, মালয়েশিয়া থেকে ত্রাণের জাহাজ আসার খবরে রোহিঙ্গারা উৎফুল্ল। আজ ১৫০ পরিবারের প্রায় ৮০০ জন রোহিঙ্গা ত্রাণসামগ্রী ও ওষুধ পেলেও আরও ১৫ হাজার পরিবারের প্রায় ৭৯ হাজার রোহিঙ্গা ত্রাণের অপেক্ষায় রয়েছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান ও এডিসি সাইফুল ইসলাম মজুমদার বলেন, প্রাথমিকভাবে গতকাল ১৫০টি রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ত্রাণ পাবে আরও ১৫ হাজার রোহিঙ্গা পরিবার। এর মধ্যে টেকনাফে সাড়ে পাঁচ হাজার ও উখিয়ায় সাড়ে নয় হাজার রোহিঙ্গা পরিবার তালিকাভুক্ত করা হয়েছে।
গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যে তিনটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিন পুলিশসহ ১৮ ব্যক্তি নিহত হয়। এরপর সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে সেখানকার সেনাবাহিনী। এ পর্যন্ত গত চার মাসে সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন, হত্যা, ধর্ষণ ও দমন-পীড়নের মুখে উখিয়া ও টেকনাফ পালিয়ে আসে অন্তত ৯০ হাজার রোহিঙ্গা। এর মধ্যে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। আর টেকনাফের লেদা অনিবন্ধিত শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ৩৮ হাজার রোহিঙ্গা। উখিয়ার বালুখালীসহ আরও দুটি শিবিরে অবস্থান করছে আরও প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা।
গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে পৌঁছায় নটিক্যাল আলিয়া।