মালয়েশিয়ার ত্রাণ পেল ৮৪ হাজার রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পালিয়ে আসা মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা বেঁচে থাকার জন্য আরও ত্রাণ সহযোগিতা চেয়েছে। মালয়েশিয়া থেকে ‘নটিক্যাল আলিয়া’ জাহাজে পাঠানো ত্রাণসামগ্রী বিতরণের শেষ দিন গতকাল বুধবার রোহিঙ্গারা আন্তর্জাতিক মহলের প্রতি আরও ত্রাণ সহায়তার দাবি তোলে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, মালয়েশিয়া থেকে নটিক্যাল আলিয়া জাহাজে পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি গতকাল বিকেলে শেষ হয়েছে। নতুন করে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পরিকল্পনা নেই। দেশি-বিদেশি কোনো সংস্থার পক্ষেও এ রকম ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের ত্রাণ শাখা সূত্র জানায়, গতকাল পর্যন্ত উখিয়া ও টেকনাফের তিনটি অনিবন্ধিত শিবিরে পালিয়ে আসা রাখাইন রাজ্যের ১৬ হাজার ৮৬৬ পরিবারের ৮৪ হাজার ৩৩০ জন রোহিঙ্গা মালয়েশিয়ার ত্রাণসামগ্রী পেয়েছে। প্রতি পরিবারে ২৬ থেকে ৩০ কেজি করে বিতরণ হয়েছে ১৩ প্রকারের ত্রাণসামগ্রী। কর্মসূচির শেষ দিন গতকাল ত্রাণসামগ্রী পেয়েছে ৮৮১ পরিবারের প্রায় ৪ হাজার ৪০০ জন রোহিঙ্গা।
গতকাল দুপুরে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে গিয়ে দেখা গেছে, কয়েক শ রোহিঙ্গা পরিবার ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা প্রতিটি রোহিঙ্গা পরিবারকে সরবরাহ দিচ্ছেন ১৭ প্রকারের ত্রাণসামগ্রী ভর্তি প্যাকেট। প্যাকেটে আছে ১০ কেজি চাল, চার কেজি ময়দা, এক কেজি ডাল, চার কেজি চিনি, তিন কেজি ভোজ্যতেল, ছয়টি সাবান, ২৫০ গ্রাম ওয়াশিং পাউডার, ২০০ গ্রাম দুধ, এক কেজি শুঁটকি মাছ, একটি কম্বল, একটি টুথপেস্ট, তিনটি টুথব্রাশ, তিনটি চিরুনি, একটি নেইল কাটার, ২৫০ গ্রাম চা পাতা, এক পিস সার্ডিন সস ও এক প্যাকেট বিস্কুট। এসব দিয়ে প্রতি পরিবারে দুই মাস চলার কথা।
মিয়ানমারের রাখাইন রাজ্যের খেয়ারিপ্রাং এলাকা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা খায়রুল আলম বলেন, সে দেশের সেনাবাহিনীর অত্যাচারে গত ডিসেম্বর মাসে তিনি পরিবারের চার সদস্য নিয়ে এই শিবিরে আশ্রয় নেন। এই শিবিরের কমবেশি সবাই মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণসামগ্রী পেলেও তিনি বঞ্চিত হয়েছেন। কারণ, তালিকা তৈরির সময় তিনি দালালকে ২০০ টাকা দিতে পারেননি।
এই শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে এখন অবস্থান করছে ৯৭ হাজারের মতো রোহিঙ্গা। এর মধ্যে রাখাইন রাজ্য থেকে সদ্য আসে প্রায় ৪১ হাজার। এর মধ্যে কয়েক হাজার মালয়েশিয়ার ত্রাণসামগ্রী পায়নি। আর ফেব্রুয়ারি মাসে যেসব রোহিঙ্গা ত্রাণ পেয়েছিল, তাদের ত্রাণসামগ্রীও এখন শেষ হয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গার মানবিক বিপর্যয় রোধে আরও ত্রাণ সহায়তা দরকার। এ ক্ষেত্রে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইছে।
একই দাবি তোলেন টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া। তিনি বলেন, এই শিবিরেও হাজারো রোহিঙ্গা মালয়েশিয়ার ত্রাণসামগ্রী থেকে বঞ্চিত হয়েছেন। ত্রাণের আশায় রোহিঙ্গারা শিবির ছেড়ে অন্যত্র চলে গেলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে।
রোহিঙ্গা ত্রাণ বিতরণ কমিটির সদস্যসচিব এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, মালয়েশিয়া থেকে পাঠানো ৪৭৮ মেট্রিক টন ত্রাণসামগ্রী ছাড়াও উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের মধ্যে গতকাল পর্যন্ত বিতরণ হয়েছে ২৫ প্রকারের ওষুধ। এর বাইরে নটিক্যাল আলিয়া জাহাজ থেকে পাওয়া ৫১টি তাঁবু ও একটি হুইলচেয়ার রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যের তিনটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ৯ পুলিশসহ ১৮ জন নিহত হন। এরপর টানা চার মাস রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনবিরোধী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন, হত্যা-ধর্ষণসহ দমন-পীড়নের মুখে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসে। পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সাহায্যস্বরূপ মালয়েশিয়া সরকার ত্রাণবোঝাই নটিক্যাল আলিয়া জাহাজটি পাঠায়।
জেলা প্রশাসনের ত্রাণ শাখা সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি নটিক্যাল আলিয়া জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে ত্রাণসামগ্রী খালাস করে। গত ১৫ ফেব্রুয়ারি উখিয়া ও টেকনাফের পৃথক তিনটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া ১৫০ পরিবারে (প্রতিটি শিবিরে ৫০ পরিবার করে) ত্রাণসামগ্রী বিতরণ করে মালয়েশিয়া থেকে ওই জাহাজে আসা ২৫ সদস্যের প্রতিনিধিদল। এর তিন দিন পর কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। ত্রাণ বিতরণ কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার বলেন, রাখাইন রাজ্যে থেকে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের তালিকা করে রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথ তত্ত্বাবধানে মালয়েশিয়ার ত্রাণসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ হওয়ায় অনিয়মের সুযোগ পায়নি কেউ।