বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের টানাপোড়েনের মধ্যেই পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে প্রস্তাব দিতে যাচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামী ভেলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবে। ওই বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলটি পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন-সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র। জানতে চাইলে সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার প্রতিনিধিরা আজ বৈঠক করবেন। তাঁরা কী প্রস্তাব দেন, তার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ করণীয়।গত ১০ এপ্রিল পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ। গত ৫ আগস্ট মালয়েশিয়া প্রতিনিধিদলটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে। সে সময়ও একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছিল মালয়েশিয়া। পরবর্তী তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়া হবে বলে সে সময় মালয়েশিয়ার প্রতিনিধিদলটি জানিয়েছিল। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, এমওইউ সইয়ের পর গত মে মাসেই মালয়েশিয়ার পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। ২৮ মে একটি অসম্পূর্ণ প্রস্তাব দেয় তারা। এরপর জুন মাসে আরেকটি খণ্ডিত প্রস্তাব দেয়।