মালয়েশিয়ার প্রথম ফ্লাইট কাল দুপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ৭০ জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইট উড়বে মালয়েশিয়ায়। আর এর মধ্যে দিয়ে শুরু হবে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল যে ৭০ জন কর্মী মালয়েশিয়া যাবেন, তাঁরা আজ বুধবার সকালে ঢাকার আশকোনা হাজী ক্যাম্পে আসবেন।সরকারিভাবে প্রথম ব্যাচের কর্মী যাওয়া উপলক্ষে বৃহস্পতিবার সকালে হাজী ক্যাম্পে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রবাসীকল্যাণমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকবেন। এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। মালয়েশিয়ার বিমানবন্দরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ ওই দেশের কর্মকর্তারা কর্মীদের স্বাগত জানাবেন।প্রথম দিন মালয়েশিয়া যাওয়ার জন্য নির্বাচিত মানিকগঞ্জের মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ‘সরকারিভাবে এত কম খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে।’ একই অনুভূতি জানান নারায়ণগঞ্জের মোস্তাফিজুর রহমানও।বিএমইটি সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল দ্বিতীয় ফ্লাইটে আরও ৭০ জন ও ২৯ এপ্রিল ৫৮ জন কর্মী যাবেন মালয়েশিয়ায়। এই কর্মীদের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রথম তিনটি ফ্লাইটে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দুজন করে কর্মকর্তা থাকবেন।২০০৯ সালের মার্চে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর গত বছরের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সরকারি ব্যবস্থাপনায় এবার মাত্র ৩৩ হাজার টাকায় কর্মী যাচ্ছেন দেশটিতে।