মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ আসছেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তিন দিনের সফরে আজ রোববার বাংলাদেশে আসছেন। সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার সকালে গাজীপুরে ‘শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং’ যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাজিব রাজাক। ইউএনবি।
পরে বিকেলে নাজিব রাজাক প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন এবং বিকেল পাঁচটা ৪৫ মিনিটে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া আগামীকালই পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পৃথকভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে সাক্ষাৎ করবেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরকালে সাংস্কৃতিক বিনিময় ও প্রযুক্তি আদান-প্রদানের বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে। নাজিব রাজাক আগামী মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করবেন বলে কথা রয়েছে। ইউএনবি।