মালয়েশিয়ার মন্ত্রিসভায় কাল পদ্মা সেতু প্রকল্প উঠছে
মালয়েশিয়া সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য কাল শুক্রবার প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্প ওই দেশের মন্ত্রিসভায় উঠছে।মালয়েশিয়ার হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবেহ গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা জানান। খবর বাসসের।মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার আরও বলেন, ‘আমি আশা করি, আমাদের মন্ত্রিসভা পদ্মা সেতু প্রকল্প অনুমোদন করবে। কয়েক মাসের মধ্যে এ নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।’বিদায়ী দূত বলেন, মালয়েশিয়া ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ মালয়েশিয়ায় কাজ করছে। এ ছাড়া দেশটি ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশার দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নেবে। জামালউদ্দিন বলেন, মালয়েশিয়ার আল বুখারি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের ১০ জন দরিদ্র ছাত্রকে বৃত্তি দেওয়া হয়।রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর মুসলিম রাষ্ট্রের মধ্যে মালয়েশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে মালয়েশিয়া সফর করেন। রাষ্ট্রপতি দেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।