মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে দুই ভাগে বিভক্ত এ খাতের ব্যবসায়ীরা। একটি পক্ষ দীর্ঘদিন ধরে বলে আসছে, শ্রমবাজার চালুর নামে নতুন করে কোনো সিন্ডিকেট করা যাবে না। যাদের বিরুদ্ধে সিন্ডিকেট তৈরির অভিযোগ, সেই পক্ষ আজ মঙ্গলবার মতবিনিময় সভা করে বলেছে, সীমিত এজেন্সি কিংবা সবার জন্য উন্মুক্ত; যেকোনো প্রক্রিয়ায় দ্রুত শ্রমবাজার চালু করা দরকার।

রাজধানীর একটি হোটেলে আজ বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও বন্ধ শ্রমবাজার উন্মুক্তে করণীয় শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট। এর আগে গত শনিবার গোলটেবিল আলোচনা করে সবার জন্য উন্মুক্ত প্রক্রিয়ায় বাজার চালুর দাবি করে বায়রা সিন্ডিকেটবিরোধী জোট নামে ব্যবসায়ীদের একটি অংশ।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ মতবিনিময় সভায় বলেন, মালয়েশিয়ায় রবারবাগানে চারা রোপণে কষ্ট হচ্ছে। কর্মীর অভাবে দেশটির বিভিন্ন শিল্প খাত ভুগছে। তাদের কর্মী দরকার। যথেষ্ট লোক পাঠানো যাবে। শ্রমবাজারটি চালু করতে হবে। তবে আগের মতো দেশটিতে গিয়ে কর্মীরা জঙ্গলে আশ্রয় নেবেন, তা হতে দেওয়া যাবে না। আগের মতো দুর্নীতি আবার করতে দেওয়া যাবে না। তাই দুই দেশ মিলে একটি প্রক্রিয়া ঠিক করতে হবে। যতটুকু পারা যায়, এটি উন্মুক্ত রাখতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নিজেরা বিভক্ত হয়ে বাজার নষ্ট করার কোনো মানে হয় না। কর্মী পাঠানো দরকার।

বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমেদ বলেন, বাজার চালু নিয়ে দুই বছর ধরে নানা কথা হচ্ছে। সিদ্ধান্ত নেবে দুই দেশের সরকার। সারা বিশ্ব এখন টালমাটাল। এর মধ্যেই বিভক্ত হয়ে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলছে, কেউ ধোয়া তুলসীপাতা নয়। সবার ঐক্য দরকার। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত। সরকারের নির্ধারিত খরচে কর্মী যাবেন।

সভার মূল বক্তা বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, সবচেয়ে আকর্ষণীয় শ্রমবাজার মালয়েশিয়া। চালু হওয়ার সময় এলেই একটি গোষ্ঠী বাজার বন্ধের অপচেষ্টা চালায়। অভিবাসী ও দেশের স্বার্থে যেকোনো প্রক্রিয়ায় বাজার চালু করা দরকার, তা একটি, ২৫টি বা ১০০টি এজেন্সি যা–ই হোক না কেন। সীমিত নাকি সবার জন্য উন্মুক্ত, এর চেয়ে মুখ্য হলো বাজার চালু করা।

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী, বায়রার সাবেক নেতা মোহাম্মদ শফিকুল আলম ফিরোজ, শাহাদাত হোসেন তসলিম, মনসুর আলম কালাম, সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এস এম সেকিল চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, ১০ এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে আছে। নতুন করে কর্মী পাঠাতে গত ডিসেম্বরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।