মালয়েশিয়ার সঙ্গে চুক্তি বড় অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর জন্য যে সমঝোতা হয়েছে, সেটিকে এ বছর অভিবাসন খাতের সবচেয়ে বড় অর্জন বলে মনে করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)। তবে সে দেশে লোক পাচারের চলমান তৎপরতা বন্ধ করা এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটি।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ হতে আন্তর্জাতিক শ্রম অভিবাসন-২০১২: অর্জন এবং চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রামরুর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক তাসনিম সিদ্দিকী।তাসনিম সিদ্দিকী বলেন, দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে দেশটির শ্রমবাজারে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য কর্মপরিকল্পনা নেওয়া উচিত। এ ছাড়া টেকনাফ থেকে মালয়েশিয়ায় লোক পাচার বন্ধ করতে সবাইকে সচেতন করার পাশাপাশি অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা উচিত।সংবাদ সম্মেলনে বলা হয়, আগের বছরের তুলনায় ২০১২ সালে অভিবাসন ও প্রবাসী-আয় দুটিই বেড়েছে। এ ছাড়া গত বছরের চেয়ে এবার নারী কর্মীও বেশি গেছেন। এ বছরও সবচেয়ে বেশি কর্মী গেছেন সংযুক্ত আরব আমিরাতে।সংবাদ সম্মেলনে রামরু আগামী দশককে অভিবাসন দশক ঘোষণা করা, অভিবাসন খাতকে আলাদা খাত হিসেবে চিহ্নিত করাসহ বিভিন্ন দাবি জানায়।