বাংলাদেশ-মালয়েশিয়াকেন্দ্রিক একাধিক আন্তর্দেশীয় অপহরণকারী চক্র গড়ে উঠেছে। চক্রগুলো মালয়েশিয়ায় যাতায়াত আছে এমন বাংলাদেশি ব্যবসায়ীদের টার্গেট করে এবং তাঁদের মালয়েশিয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে।
ঢাকার এমন একজন ব্যবসায়ী সম্প্রতি মালয়েশিয়ায় অপহৃত হন। ২৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ওই ব্যবসায়ী ১৩ দিন পর মুক্তি পান। পরে বাংলাদেশে মুক্তিপণ আদায়কারী চক্রের সাতজনকে র্যাব গ্রেপ্তার করে।
অপহৃত ওই ব্যবসায়ীর নাম খায়েজ আহম্মেদ। তিনি বাংলাদেশে প্লাস্টিকের দরজা ও হলো-মেটাল দরজা তৈরির প্রথম দিকের উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠানের নাম সুপার ডোর।
মালয়েশিয়াভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ওই দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্র তৎপর রয়েছে, যারা অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত। এসব চক্রপ্রধান ‘গ্যাং স্টার’ নামে পরিচিত। এসব ‘গ্যাং স্টার’ মূলত মালয়, তামিল, চীনা বংশোদ্ভূত ওই দেশি নাগরিক। যাদের মূল লক্ষ্যবস্তু হলো বিদেশি ব্যবসায়ী ও প্রবাসী শ্রমিকেরা।
মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার-এর এক খবরে বলা হয়, ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৩ সালে ৪৯টি ‘গ্যাং’-এর তালিকা প্রকাশ করে। তবে তখনকার ওই তালিকায় বাংলাদেশি কোনো ‘গ্যাং স্টারের’ নাম ছিল না।
ব্যবসায়ী খায়েজ আহম্মেদকে অপহরণকারী চক্রের ‘গ্যাং স্টার’ একজন বাংলাদেশি। তাঁর নাম লোকমান। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠিতে। মালয়েশিয়ায় অপরাধজগতে তিনি ‘হাজি’ নামে পরিচিত। মালয়েশিয়ায় তাঁর দলে ফখরুদ্দীন (ব্রাহ্মণবাড়িয়া), শরীফসহ (মুন্সিগঞ্জ) আরও কয়েকজন বাংলাদেশিসহ মালয় সন্ত্রাসী যুক্ত রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। চক্রটি মূলত শাহ আলম ও ক্লাং এলাকাকেন্দ্রিক।
খায়েজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, তাঁর কারখানার কাঁচামালের বড় উৎস মালয়েশিয়া। এ কারণে ওই দেশে তাঁর নিয়মিত যাতায়াত। শাহ আলম নামক শহরের বুকিট নাগা বাতু এনাম এলাকায় তাঁর ব্যবসায়িক কার্যালয় রয়েছে। ওই কার্যালয়ের সামনে থেকে তিনি ৭ আগস্ট অপহৃত হন। তিনি বলেন, এর আগে আরও কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী তাঁর মতো অপহৃত হয়েছিলেন, পরে মুক্তপণ দিয়ে ছাড়া পান।
ষাটোর্ধ্ব এই ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ওই দিন সকালে নাশতা করতে বের হন। হঠাৎ একটি ট্যাক্সিক্যাব সামনে এসে থামে। তা থেকে তিন ব্যক্তি নেমে তাঁকে জোরপূর্বক ক্যাবে তুলে নেন। এ সময় খায়েজ আহম্মেদ চিৎকার দিয়ে তাঁর কর্মীদের ডাকেন। কিন্তু তাঁরা কিছু বুঝে ওঠার আগেই ট্যাক্সিক্যাব টান দেয়। ওই তিন অপহরণকারীর দুজন বাংলাদেশি ও একজন মালয়। তাঁরা কিছুদূর যাওয়ার পর খায়েজ আহম্মেদের চোখ বেঁধে ফেলেন। মিনিট বিশেক পর ট্যাক্সিক্যাব একটি পাঁচতলা বাড়ির সামনে গিয়ে থামে। খায়েজ আহম্মেদকে ওই বাড়ির তিনতলার একটি ঘরে নেওয়া হয়। কিছুক্ষণ পর সেখানে অপহরণকারী দলের প্রধান হাজি লোকমান আসেন এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেন।
খায়েজ আহম্মেদ বলেন, ‘ওদের বলি আমার কাছে দেওয়ার মতো নগদ টাকা নাই। এত টাকা দিতে পারব না। তখন ওরা বলে, ওদের কাছে খবর আছে যে আমি ঢাকায় বিমানবন্দরের সামনে জমি বিক্রি করার বায়না করেছি, পাঁচ কোটি টাকা দাম ঠিক হয়েছে। এর মধ্যে দুই কোটি টাকা নিয়েছি।’ তিনি জানান, ঢাকায় একটি আবাসন প্রতিষ্ঠানের কাছে তিনি জমি বিক্রির জন্য বায়না করেছিলেন। এ তথ্য বাইরের কেউ জানত না। তাই তাঁর ধারণা, ওই আবাসন প্রতিষ্ঠান থেকে অপহরণকারীরা জমি বিক্রির খবর পেয়েছে। ওই আবাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়ার পর তিনি জমি বিক্রির সিদ্ধান্ত পাল্টান, যে জন্য প্রতিষ্ঠানটির মালিক ক্ষিপ্ত হন।
খায়েজ আহম্মেদ বলেন, ‘গ্যাং স্টার হাজি লোকমান বলে যে তারা তিন মাস আগে আমাকে টার্গেট করেছে। আমি ওদের যতই বলি এত টাকা দিতে পারব না। তারা মানে না। আমাকে মারধর করতে থাকে। বলে, টাকা না দিলে জান নিয়ে ফিরতে পারবেন না। তারা দেশের কারও ফোন নম্বর দিতে বলে। আমার মুখস্থ ছিল ভাতিজা হারুনের নম্বর। সেটা দিই।’ এরপর ওই নম্বরে ফোন করে ভাতিজার সঙ্গে তাঁর কথা বলিয়ে দেয় অপহরণকারীরা। কিন্তু টাকা জোগাড় হচ্ছিল না। প্রতিদিনই ফোনে টাকার জন্য তাগাদা দিচ্ছিলেন লোকমান। ১২ আগস্ট প্রথম দফা ১৩ লাখ টাকা দেওয়া হয়। অপহরণকারীদের কথা অনুযায়ী খায়েজ আহম্মেদের ছেলে ফয়সাল মাহমুদ নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ২ নম্বর রেলগেটের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে গিয়ে এক নারীর কাছে টাকা পৌঁছে দেন। পরে জানা যায়, ওই নারী লোকমানের স্ত্রী শাকিলা আক্তার। এরপর খায়েজ আহম্মেদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ হয়।
এরই মধ্যে ঘটনাটি ঢাকায় র্যাবকে জানায় খায়েজ আহম্মেদের পরিবার। তাঁর এক ছেলে অপহরণের পরদিনই মালয়েশিয়া যান এবং তিনি ওই দেশের শাহ আলম শহরের শ্রি মুডা পুলিশ স্টেশনে অভিযোগ করেন। কিন্তু পুলিশ খুব একটা তৎপরতা দেখায়নি। খায়েজ আহম্মেদের ধারণা, অপহরণকারী চক্রের সঙ্গে মালয় পুলিশের যোগাযোগ আছে, তাঁর ছেলে মামলা করার সঙ্গে সঙ্গে তা অপহরণকারীরা জেনে যায় এবং তাঁকে এ কথা জানিয়ে শাসায়। এরপর ১৫ আগস্ট তাঁকে ওই বাসা থেকে সরিয়ে ট্যাক্সিতে পাঁচ-সাত মিনিটের দূরত্বে একটি আবাসিক হোটেলে তোলে। নেওয়ার সময় তাঁর চোখের পাতা টেপ দিয়ে আটকিয়ে অস্বচ্ছ চশমা পরিয়ে দেওয়া হয়। ওই হোটেলের একটি কক্ষে তিন দিন বন্দী ছিলেন তিনি। আগের নয় দিন তাঁর চোখ ও হাত বেঁধে রাখা হয়েছিল। এ হোটেলে আনার পর চোখ ও হাতের বাঁধন খুলে দেয়। তবে সার্বক্ষণিক পাহারা ছিল। অপহরণকারীদের সঙ্গে হোটেলের লোকজনের কথাবার্তায় খায়েজ আহম্মেদের মনে হয়েছে, তারা পরস্পর পরিচিত। ওই হোটেলটির নাম ‘ইউর হোটেল’। এটি শাহ আলমের পাশের জেলা ক্লাং-এ।
হোটেলে তোলার পর দুই দফায় আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়। এ টাকা অপহরণকারীদের দেওয়া ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার একটি হিসাবে জমা দেয় খায়েজ আহম্মেদের পরিবার। এরপর ১৮ আগস্ট রাত আটটার দিকে ওই হোটেল থেকে ট্যাক্সিতে তুলে কিছুদূর নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরদিনই তিনি দেশে ফিরে আসেন।
এদিকে দেশে অপহরণকারীদের সহযোগীদের ওপর নজরদারি করছিল র্যাব। খায়েজ আহম্মেদ ছাড়া পেয়ে বিমানে ওঠার পরপর র্যাব অভিযান শুরু করে। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জ থেকে অপহরণকারী চক্রের সাতজন সহযোগীকে আটক করে র্যাব। তাঁরা হলেন শাকিলা আক্তার (লোকমানের স্ত্রী), আলেয়া বেগম, আবুল কালাম আজাদ, আল আমিন আসিফ, আবদুল্লাহ, মাহমুদা পারভীন ও আওলাদ হোসেন। তাঁদের কাছ থেকে মুক্তিপণের ২৮ লাখের মধ্যে প্রায় ১৫ লাখ টাকা এবং ছয়টি পাসপোর্ট, নয়টি মুঠোফোন, ১১টি সিম কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংকের চেকবইসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, এ ঘটনায় পরে ফতুল্লা থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তিনি গ্রেপ্তার হওয়া আসামিদের ২২ আগস্ট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান। আদালত রিমান্ড মঞ্জুর না করে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বলেন। এরপর ২৬ আগস্ট আবার আদালতের কাছে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আবারও নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। কিন্তু পুলিশের অপর একটি সূত্র বলছে, এরা আন্তর্দেশীয় চক্রের সহযোগী। এদের পেছনে বড় চাঁইরা রয়েছেন। তাই কারাফটকে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে তথ্য বের করা কঠিন কাজ।