মালয়েশিয়ায় অবৈধ ব্যক্তিদের ভাগ্য নির্ধারণে আজ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের আটক বিদেশি শ্রমিকদের বিষয়ে আজ সোমবার কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা আলোচনায় বসছেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতার সুযোগ নিতে ব্যর্থ এসব শ্রমিকের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটবে, তার আভাস পাওয়া যেতে পারে আজকের বৈঠকে।

মালয়েশিয়া থেকে বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম গতকাল রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।

মালয়েশিয়া সরকার অবৈধ হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধতা দিয়ে অস্থায়ীভাবে কাজের সুযোগ নিশ্চিত করতে এনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) দেওয়ার ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে নিবন্ধনের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে গত ৩০ জুন শেষ হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, অবৈধ বিদেশি শ্রমিকদের মাত্র ২৩ শতাংশ ওই কর্মসূচির সুযোগ নিয়েছে। এ ছাড়া ১ জুলাই থেকে বিদেশি শ্রমিকবিরোধী ধরপাকড় অভিযানে আটক হওয়া ২ হাজার ৩০৯ জনের মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশের নাগরিক।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তদন্ত শাখার প্রধান সরাবনা কুমারকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, আটক হওয়া লোকজনের অধিকাংশ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক। তাঁরা ভ্রমণ ভিসায় কাজের অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় পৌঁছান। তিনি জানান, আটক লোকজনকে তাঁদের দেশে ফেরত পাঠানোর আগে তাঁদের বিষয়ে তদন্ত করা হবে।

আটক বাংলাদেশিদের প্রসঙ্গে জানতে চাইলে হাইকমিশনার শহীদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘আটক বাংলাদেশের নাগরিকদের তালিকা এখনো মালয়েশিয়া দেয়নি। তাঁদের সংখ্যা শুধু গণমাধ্যমে শুনেছি। বাংলাদেশ দু-এক দিনের মধ্যে মালয়েশিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তালিকা পাওয়ার প্রত্যাশা করছে।’

মো. শহীদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ই-কার্ড পূরণে ব্যর্থদের জন্য সময়সীমা আরও কিছুদিন বাড়াতে মালয়েশিয়াকে অনুরোধ জানিয়েছি। অবৈধ শ্রমিক আটক অভিযানে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কয়েকটি দেশের নাগরিকও আছেন। তাই সোমবারের বৈঠকে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে সম্মিলিত আলোচনায় ইতিবাচক ফল পাওয়ার আশায় আছি।’ তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আটক লোকজনকে দেশে ফেরত পাঠাতে হয়, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গত দুই দিনে কথা বলে জানা গেছে, ই-কার্ড নিবন্ধনে ব্যর্থ আটক লোকজনের সমস্যা সুরাহার বিষয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনায় বসতে হাইকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আটক লোকজনের বৈধতার সুযোগ নেওয়া যায় কি না, কিংবা তাঁদের এখনই দেশে ফেরত না পাঠিয়ে সেখানে কাজের সুযোগ পাওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা করতে বলা হয়েছে।

ঢাকা ও কুয়ালালামপুরে কর্মরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধ বিদেশি শ্রমিকবিরোধী অভিযানে আটক বাংলাদেশিদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা স্পষ্ট নয়। কারণ, ১ জুলাই অভিযান শুরুর আগে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি স্পষ্ট করেই বলেছেন, নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী অভিযান চলাকালে বলেছেন, আটক লোকজনকে দেশে ফেরত পাঠানো হবে। তা ছাড়া বাংলাদেশের অনুরোধে ওই সময়সীমা দুবার বাড়ানো হয়েছিল।

মালয়েশিয়ার বিভিন্ন মানবাধিকার সংগঠন বিদেশি শ্রমিকদের অবৈধ হয়ে পড়ে গ্রেপ্তারের জন্য নিয়োগকর্তাদের দায়ী করেছে। তাদের মতে, নিবন্ধনের ব্যাপারে এসব দায়িত্বজ্ঞানহীন নিয়োগকর্তা শ্রমিকদের বিভ্রান্ত করেছেন। তাঁদের অনেকেই অবৈধ হয়ে পড়া শ্রমিকদের বিরূপ পরিস্থিতির সুযোগ লাগানোর জন্য এমনটা করেছেন বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশের অনুরোধে মালয়েশিয়ার ‘রিহায়ারিং কর্মসূচি’ নামে চালু করা কর্মসূচি এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। বাংলাদেশের যেসব নাগরিক বৈধ প্রক্রিয়ায় বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন, তাঁরা বৈধতার ওই কর্মসূচির সুযোগ কাজে লাগাতে পারবেন।

সরকারি হিসাব অনুযায়ী, মালয়েশিয়ায় এখন ২ লাখ ৮৭ হাজার বাংলাদেশি কাজ করছেন। অবশ্য বেসরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা আরও অনেক বেশি।