মালয়েশিয়ায় আটকে মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় আটকে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার এক ব্যক্তি।
লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার ছিদ্দিক আহমদ বলেন, ধারদেনা করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা খরচ করে গত ১৬ এপ্রিল তিনি মালয়েশিয়ায় যান। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ায় তিনি দেশে ফিরে আসতে চান। তখন বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে দালাল তারেকসহ দুই ব্যক্তি তাঁকে কুয়ালালামপুর থেকে থাইল্যান্ড সীমান্তে নিয়ে বিক্রি করে দেয়। দুই লাখ টাকা মুক্তিপণের জন্য সেখানে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। তিনি বলেন, তাঁকে হুমকি দেওয়া হয়, টাকা না দিলে তাঁর কিডনিসহ শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হবে। পরে তাঁর স্ত্রী মিনা আক্তার ধারদেনা করে ও স্বর্ণালংকার বিক্রি করে দালালদের দেওয়া একটি ব্যাংক হিসাবে ১ লাখ ২০ হাজার টাকা জমা দেন।
ছিদ্দিক বলেন, ২৫ এপ্রিল তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। দেশে ফিরে চিকিৎসা শেষে ১২ মে তিনি চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তিনজনকে আসামি করে মামলা করেন। আদালত তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলার আসামিরা হলো মো. ইলিয়াছ, মো. তারেক ও শামীম আক্তার।
ছিদ্দিক আহমদ বলেন, গত ৭ এপ্রিল টেকনাফের ব্যবসায়ী মো. ইলিয়াছের মাধ্যমে তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে টাকা জমা দেন।
আসামি মো. ইলিয়াছ বলে, তার ছেলে মো. তারেক মালয়েশিয়ায় থাকে। সে ছিদ্দিককে সহযোগিতা করে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে গেছে। সেখানে কী ঘটেছে, তা সে জানে না।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।