মালয়েশিয়ায় আবার গণকবর
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের গণকবর এবং বন্দিশিবির আবিষ্কৃত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে বেশ কিছুদিন ধরে সমালোচনা-নিন্দার ঝড় চলার পর সম্প্রতি তা থেমে গিয়েছিল। এরই মধ্যে গত শনিবার মালয়েশিয়ার গহিন অরণ্যে আবারও মিলল গণকবর। খবর এএফপি, বিবিসি ও বারনামার।
নতুন করে খোঁজ পাওয়া গণকবর থেকে ২৪ জনের দেহাবশেষ বা কঙ্কাল পাওয়া গেছে। তবে এগুলো আগের ঘটনাগুলোর মতোই মানব পাচারকারীদের খপ্পরে পড়া অভিবাসী বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার আগে মালয়েশিয়ায় সর্বশেষ গত মে মাসে ১৩৯টি কবর থেকে ১০৬ জনের দেহাবশেষ এবং পাচারকারী চক্রের ব্যবহৃত ২৮টি বন্দিশিবিরের সন্ধান পাওয়া গিয়েছিল।
>২৪ জনের দেহাবশেষ উদ্ধার: মে মাসে ১৩৯টি কবর থেকে ১০৬ জনের দেহাবশেষ এবং ২৮টি বন্দিশিবিরের সন্ধান পাওয়া গিয়েছিল
মালয়েশিয়ার পুলিশ গতকাল রোববার জানায়, থাইল্যান্ড সীমান্তবর্তী মালয়েশিয়ার উত্তরের পারলিস প্রদেশের বাকিত ওয়াং বার্মা এলাকায় ঘন জঙ্গল পরিবেষ্টিত এক পাহাড়চূড়ার কাছাকাছি জায়গায় নতুন গণকবর পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা ২৪টি কঙ্কাল বা দেহাবশেষ পাচারের শিকার ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে। মে মাসে বাংলাদেশি ও রোহিঙ্গাদের আবিষ্কৃত কবরগুলোর স্থান থেকে নতুন এ গণকবরের স্থান বেশি দূরে নয়।
পারলিসের পুলিশপ্রধান শফি ইসমাইলের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা বলেছে, ভারী বর্ষণে মাটি ক্ষয়ে গিয়ে এ গণকবর বেরিয়ে এসেছে। এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, গণকবরটি খুঁড়ে সেখান থেকে পাওয়া ২৪ জনের দেহাবশেষ বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এর আগে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় গণকবর আবিষ্কৃত হওয়ার পর স্থানীয় পুলিশ বলেছিল, দুই দেশের সীমান্তবর্তী গহিন অরণ্যে মানব পাচারকারীদের বড় ঘাঁটি ছিল। সমুদ্রপথে নৌকায় করে বাংলাদেশি ও রোহিঙ্গাদের এখানকার বিভিন্ন ঘাঁটিতে এনে আটকে রাখা হতো। পরে তাঁদের ওপর নির্যাতন চালিয়ে স্বজনদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ। টাকা দিতে না পারায় অনেকেই দীর্ঘ সময় বন্দী থেকে অনাহারে ও রোগে মারা যান। পরে তাঁদের ঠাঁই হয় এসব গণকবরে।
এদিকে মে মাসে একে একে গণকবর ও বন্দিশিবির আবিষ্কৃত হতে থাকলে বিশ্বজুড়ে থাইল্যান্ড ও মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দেশ দুটি পাচারকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করলে দেখা দেয় নজিরবিহীন আরেক মানবিক সংকট। গ্রেপ্তার-আতঙ্কে অভিবাসন-প্রত্যাশীবাহী নৌকা উপকূলে না ভিড়িয়ে গভীর সমুদ্রে রেখেই পালাতে শুরু করে পাচারকারীরা।
এ অবস্থায় ভাসমান নৌকায় কয়েক হাজার অভিবাসন-প্রত্যাশীর জীবন হুমকিতে পড়ে। এর পাশাপাশি তাঁদের আশ্রয় দেওয়া না-দেওয়ার বিষয়কে কেন্দ্র করে শুরু হয় থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে ঠেলাঠেলি। তীব্র নিন্দা ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এই তিনটি দেশ সংকট সমাধানে জরুরি সম্মেলনে বসতে বাধ্য হয়। একপর্যায়ে ভাসমান অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয় তারা।