রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক শ্রমিক নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির হাইকমিশনার নরলিন বিনতি ওথমান গতকাল সোমবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।
হাইকমিশনারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকেরা উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করে বলেন,
দুটি দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
জবাবে হাইকমিশনার নরলিন বিনতি ওথমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে ভালো বন্ধু বিবেচনা করে। সেই হিসেবে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, মালয়েশিয়ার বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগ করেন, সে বিষয়টি বিবেচনায় রাখতে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন রাষ্ট্রপতি।
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ: মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সচিব মোহাম্মদ শফিউল আলম গতকাল সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটাতে মন্ত্রিপরিষদ সচিবকে পরামর্শ দেন।