মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া অবশেষে শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বুধবার প্রায় সোয়া পাঁচ হাজার কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র বলেছে, গতকাল বনায়ন খাতে ৫ হাজার এবং ফ্যাক্টরি খাতে ২৪০ জন কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এখন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে কাজ পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মী পাঠানোর জন্য নিবন্ধনসহ যাচাই-বাছাই শুরু করবে।
এসব কর্মী পাঠানোর কাজ পেয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। এগুলো হলো ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এবং আল ইসলাম ওভারসিজ। জনশক্তি রপ্তানি খাতের অধিকাংশ ব্যবসায়ী অভিযোগ করে আসছেন, এবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ পাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠান। যেগুলোর মধ্যে এই ৫টিসহ ১০টি প্রতিষ্ঠান আছে।
অবশ্য কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, পর্যায়ক্রমে অন্যরাও কাজ পাবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কর্মসংস্থান) নারায়ণ চন্দ্র বর্মা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ৫ হাজার ২৪০টি চাহিদাপত্রের নিয়োগ অনুমতি দিয়েছি। এখন বিএমইটির মাধ্যমে বাকি কাজ হবে। যারা কাজ পেয়েছে তারা কর্মীদের তালিকা দেবে, অনলাইনে যাচাই-বাছাই হবে।’ তিনি বলেন, এই মুহূর্তে আর চাহিদাপত্র নেই। তবে সামনে আরও কাজ আসবে। গুটিকয়েক প্রতিষ্ঠানই কাজ পাচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, সামনে নিশ্চয়ই অন্যরাও কাজ পাবে।
মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মীদের কত খরচ হবে, জানতে চাইলে নারায়ণ চন্দ্র বলেন, ‘আমরা ৩৭ হাজার টাকা খরচ নির্ধারণ করেছি।’
তবে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, খরচের ব্যাপারে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক রুহুল আমিন বলেন, ‘মাত্রই অনুমতি পেলাম। এখন লোক ঠিক করব। তাঁদের পাসপোর্ট সংগ্রহ করব। তাঁদের তালিকা মালয়েশিয়ায় পাঠাব। যাচাই-বাছাই প্রক্রিয়া হবে।’ সুনির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান কর্মী পাঠানোর কাজ পাচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে অন্যরাও কাজ পাবে।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সভাপতি ও প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মালিক গোলাম মোস্তফা বলেন, ‘এখন আমরা পাঁচজন পেলেও পরে আরও পাঁচজন পাবে। পরে আরও পাঁচজন পাবে। এবার নতুন পদ্ধতি, অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছে। এটি সফল হলে অন্যরাও আস্তে আন্তে কাজ পাবে। আর খরচের বিষয়টা আমরা বসে নির্ধারণ করব।’
আল ইসলাম ওভারসিজের মালিক জয়নাল আবেদিন বলেন, তিনি এক হাজার লোক পাঠানোর অনুমতি পেয়েছেন। খরচের বিষয়টি সবাই মিলে ঠিক করবেন।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া ২০০৯ সালে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। ২০১২ সালের ২৬ নভেম্বর সরকারিভাবে কর্মী পাঠাতে দুই দেশ চুক্তি করে। এরপর মালয়েশিয়া পাঁচ বছরে পাঁচ লাখ লোক নেওয়ার আশ্বাস দিলেও আড়াই বছরে আট হাজার কর্মী যায়। তবে সাগরপথে অবৈধভাবে বিপুলসংখ্যক লোক মালয়েশিয়া যায়। ২০১৫ সালের মে মাসে থাইল্যান্ডে এবং পরে মালয়েশিয়ায় গণকবর পাওয়ার পর বিশ্বজুড়ে হইচই হলে আবারও বাংলাদেশ থেকে বেসরকারিভাবে কর্মী নেওয়ার প্রস্তাব দেয় মালয়েশিয়া।
গত বছরের ১৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে জি টু জি প্লাস সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই মালয়েশিয়া বলে, এই মুহূর্তে তারা আর কর্মী নেবে না। এতে কর্মী পাঠানোর প্রক্রিয়া ঝুলে যায়। এরপর গত নভেম্বরে মালয়েশিয়ার মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। ওই বৈঠকেই আবার কর্মী পাঠানোর এই প্রক্রিয়া শুরু হয়।
ব্যবসায়ীরা বলেন, ২০১৫ সাল থেকেই মালয়েশিয়ায় লোক পাঠানোর প্রক্রিয়ার নিয়ন্ত্রণ নিয়ে জনশক্তি রপ্তানিকারকদের দুই পক্ষের মধ্যে ‘ঠান্ডাযুদ্ধ’ শুরু হয়। বায়রার সাবেক সভাপতি আবুল বাসারের নেতৃত্বে অধিকাংশ ব্যবসায়ী এবং বর্তমান মহাসচিব রুহুল আমিনের নেতৃত্বে ১০ ব্যবসায়ী এই কাজ পেতে চেষ্টা করেন।
আবুল বাসার বলেন, ‘অধিকাংশ ব্যবসায়ী সিন্ডিকেটের বিপক্ষে। সবাই মিলে প্রতিবাদ করেছিলাম। বনায়ন খাতের যে পাঁচ হাজার কর্মীর চাহিদপত্র এসেছিল সেগুলো আমার প্রতিষ্ঠানসহ সাতটি প্রতিষ্ঠানের নামে এসেছিল। কিন্তু এখন তো দেখছি অন্যরা সেটি পেল। কীভাবে কী হচ্ছে আমার জানা নেই।’