মালয়েশিয়ায় কোম্পানিবিহীন শ্রমিকেরা পাসপোর্ট পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধকরণ কার্যক্রমে বাংলাদেশি অনেক শ্রমিক কোম্পানিবিহীনভাবে নাম নিবন্ধন করে বৈধ হতে চাইছেন। এসব শ্রমিকের অভিযোগ, বাংলাদেশ হাইকমিশন তাঁদের নতুন পাসপোর্ট দিচ্ছে না। অথচ দালালচক্রকে অতিরিক্ত টাকা দিলেই পাসপোর্ট পাওয়া যাচ্ছে।তবে হাইকমিশন বলেছে, দালালচক্রের ফাঁদে পড়ে অনেক শ্রমিক এভাবে নাম নিবন্ধন করছেন। ভবিষ্যতে তাঁরা অনেক সমস্যায় পড়বেন। এ কারণেই এমন শ্রমিকদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না।মালয়েশিয়ায় ১ আগস্ট থেকে অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে তিন থেকে সাড়ে তিন লাখ অবৈধ বাংলাদেশি আছেন। এই কার্যক্রমের আওতায় অবৈধ শ্রমিকদের প্রথমে মালয়েশিয়ার ইমিগ্রেশন কার্যালয়ে গিয়ে হাতের ছাপ দিতে হচ্ছে ও নাম নিবন্ধন করতে হচ্ছে। এরপর তাঁদের মধ্যে যাঁদের পাসপোর্ট নেই, তাঁদের নিজ দেশের দূতাবাসে গিয়ে পাসপোর্ট নিতে হচ্ছে।কুয়ালালামপুর থেকে বাংলাদেশি শ্রমিক আমির হোসেন, আনোয়ার মিয়া, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামানসহ আরও বেশ কয়েকজন মুঠোফোনে প্রথম আলোকে জানান, ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় আসা অসংখ্য শ্রমিক প্রথমে কাজ পাননি। পরে তাঁরা কাজ খুঁজে নেন। এসব শ্রমিকের কোম্পানি নেই। আবার অনেকে বেশি বেতনের জন্য অন্য কোম্পানিতে গেছেন। তাঁদেরও নির্দিষ্ট কোম্পানি নেই। তাঁরা বৈধ হওয়ার জন্য ইমিগ্রেশনে নাম নিবন্ধন করে নতুন পাসপোর্টের জন্য হাইকমিশনে গেলে তাঁদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না।এসব শ্রমিকের অভিযোগ, দালালচক্র সরকার-নির্ধারিত ১০২ রিঙ্গিতের (এক রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ টাকা) বদলে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নিয়ে পাসপোর্ট করিয়ে দিচ্ছে।ফিরোজ খান নামের একজন শ্রমিক বলেন, ২০০৭ সালে তিনি কলিং ভিসায় এসে প্রথমে কাজ পাননি। অনেক কষ্টে এক কোম্পানিতে কাজ পেলেও এত দিন অবৈধ ছিলেন। বৈধ হতে ইমিগ্রেশনে নাম নিবন্ধন করিয়ে পাসপোর্টের জন্য হাইকমিশনে গিয়ে সারা দিন থেকেও পাননি। দূতাবাসের সামনে থাকা দালালেরা বলেছে, বেশি টাকা দিলে হাইকমিশন থেকে পাসপোর্ট করিয়ে দেবে।আরেক শ্রমিক মনিরুজ্জামান বলেন, ‘শ্রমিকদের পাসপোর্টের জন্য মালিকদের নিয়ে হাইকমিশনে যাওয়ার নিয়ম না থাকলেও দূতাবাস বলছে, মালিককে আনতে হবে। কিন্তু অনেক মালিক হাইকমিশনে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে চান না বলে অনেকে পাসপোর্ট পাচ্ছেন না। অথচ দালালেরা অস্তিত্বহীন মালিক বানিয়ে পাসপোর্ট করাচ্ছে। তাই ভোগান্তি এড়াতে অনেকে দালালচক্রের কাছে যাচ্ছেন।’দূতাবাসের কয়েকজন কর্মকর্তা এবং প্রবাসী শ্রমিকের অভিযোগ, এ সুযোগে হাইকমিশন থেকে পাসপোর্ট করিয়ে দিতে বাণিজ্য শুরু করেছে একটি দালালচক্র। দূতাবাসেরও কেউ কেউ তাঁদের সঙ্গে আছেন।জানতে চাইলে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোম্পানিবিহীনভাবে যাঁরা নাম নিবন্ধন করছেন, তাঁদের ইচ্ছা করেই পাসপোর্ট দেওয়া হচ্ছে না। কারণ মালয়েশিয়ায় এখন যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগই কোনো না কোনো কোম্পানিতে কাজ করেন। কোম্পানি ছাড়া শ্রমিকের সংখ্যা খুবই কম। অথচ বৈধকরণ কার্যক্রম শুরুর পর অনেক শ্রমিক কোম্পানিবিহীনভাবে নাম নিবন্ধন করে পাসপোর্টের জন্য আসছেন। দালালচক্রের ভুল ব্যাখ্যায় কিংবা লোভে পড়ে হয়তো তাঁরা এমন করছেন। তাঁরা হয়তো ভাবছেন, এভাবে করলে পরে হয়তো ভালো কোম্পানিতে কাজ পেয়ে যাবেন। কিন্তু এই ভাবনা ভুল।মন্টু কুমার বিশ্বাস বলেন, কোম্পানিবিহীনভাবে নাম নিবন্ধন করালে পরে নানা সমস্যা হতে পারে। বিশেষ করে ভবিষ্যতে কাজ না পেলে এসব শ্রমিককে দেশে ফেরত পাঠানো হতে পারে। তাই কেউ যেন এভাবে নাম নিবন্ধন না করেন, সে ব্যাপারে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে।