বেতন নিয়ে গুরুতর সংকটে আছেন মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের ৮০০ জন বাংলাদেশি শ্রমিক। তাঁরা জানিয়েছেন, প্রতি মাসেই নানা অজুহাত দেখিয়ে কোম্পানি বেতনের টাকার একটি বড় অংশ কেটে রাখছে। গত মাসে কোম্পানিটি মাসিক বেতনের অর্ধেক জামানত হিসেবে কেটে রাখে। প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে তাঁদের খাবার, পানি, বিদ্যুৎসহ সবকিছু বন্ধ করে দেওয়া হয়। এর ফলে তাঁদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।ভোগান্তির শিকার ওই বাংলাদেশি শ্রমিকেরা মালাক্কা অঞ্চলের বুকিত রামবাই এলাকার শান্তা উড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন। নূর নবী, শরিফুল, আবদুল কাদিরসহ কয়েকজন কর্মী মুঠোফোনে প্রথম আলোকে জানান, ২০০৭ সালে থেকে তাঁরা ওই প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রতিদিন সকাল আটটা থেকে রাত ১১টা পর্যন্ত তাঁদের কাজ করতে হয়। মাসে ৬০০ রিঙ্গিত বেতন দেওয়ার কথা। কারও কারও বেতন ৮০০ রিঙ্গিত। কিন্তু প্রতি মাসেই লেভির (কর) কথা বলে তাঁদের বেতন থেকে ১২০ রিঙ্গিত করে কেটে নেওয়া হয়। কারখানার পেছনেই বস্তির মতো কয়েকটি ঘরে তাঁরা থাকেন। সেখানে পানি ও বিদ্যুৎ সরবরাহের জন্য ৩০ রিঙ্গিত করে কাটা হয়।শ্রমিকেরা জানান, এর বাইরেও বিভিন্ন কারণ দেখিয়ে তাঁদের বেতন কাটা হয়। বিমার কথা বলে বছরে ৩০০ রিঙ্গিত করে কেটে নেওয়া হয়েছে। কিন্তু কর্মরত অবস্থায় কোনো শ্রমিক আহত হলে চিকিৎসা দেওয়া হয় না। কয়েক দিন আগে চিকিৎসার অভাবে হারুনুর রশিদ নামের একজন শ্রমিক মারা গেছেন (পাসপোর্ট নং-ডব্লিউ-০৯৩৫২৯৫)। শ্রমিকেরা জানান, সর্বশেষ তাঁদের ৬০০ রিঙ্গিত করে জামানত কেটে নেওয়া হবে বলে জানানো হয়। এর মধ্যে ২৫ জানুয়ারি ডিসেম্বর মাসের বেতন দেওয়ার সময় ৩০০ রিঙ্গিত কেটে রাখা হয়। শ্রমিকেরা এই টাকা ফেরতের দাবি জানালেও কোম্পানি রাজি হয়নি। এর প্রতিবাদে ২৭ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকেরা। একপর্যায়ে শ্রম আদালতের লোকজন সরেজমিনে পরিদর্শন করে কর্তৃপক্ষকে শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু কোম্পানি সেই নির্দেশ মানছে না।শ্রমিক নূর নবী কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘চার দিন ধরে মালিক আমাদের খাবারের ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। পানি দিচ্ছে না। বারবার বলার পরও দূতাবাসের কেউ ঘটনাস্থলে আসেননি।’এ বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস শ্রমিকদের টাকা কেটে নেওয়ার কথা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা কর্মবিরতি শুরু করার পর পুলিশ ও শ্রম আদালতের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এভাবে টাকা কেটে রাখা অন্যায়। ঘটনা জানার পর আমি ওই কোম্পানির মালিকের সঙ্গে কয়েক দফায় টেলিফোনে যোগাযোগ করি। একপর্যায়ে তিনি ওই টাকা ফেরত দিতে রাজি হন। এরপর বিষয়টি শ্রমিকদের জানাই। এরপর তাঁরা মঙ্গলবার সকালে কাজে যোগ দিয়েছেন।’কিন্তু দূতাবাসের এই বক্তব্য জানানো হলে ওই কারখানার শ্রমিক আবদুল কাদির গতকাল বিকেলে ক্ষুব্ধ কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলের পরিস্থিতি জানেন না। তাঁরা কেউ এখানে আসেননি। কোম্পানি টাকা ফেরত দেয়নি।’আবদুল কাদির বলেন, সোমবার রাতে আবার শ্রম আদালতের লোকজন এলে মালিক ৮ ফেব্রুয়ারি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু শ্রমিকদের কাছে খাবার কেনার কোনো টাকা নেই। তিন দিন না খেয়ে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই বাধ্য হয়ে খাবারের জন্য মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন। ‘৮ তারিখে টাকা ফেরত না দিলে আমরা কই যাব?’—প্রশ্ন আবদুল কাদিরের। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এখানে দূতাবাস আমাদের অভিভাবক। কিন্তু বারবার বলার পরও দূতাবাসের কেউ আসছেন না।’