মালয়েশিয়ায় ছেলে নিহত, শোকে স্তব্ধ মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া থেকে গত রোববার রাতে মাকে ফোন করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার রবিউল ইসলাম চিন্তা করতে নিষেধ করেছিলেন। কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ নিয়ে যাতে বাড়ি ফিরতে পারেন, তঁার জন্য দোয়াও চেয়েছিলেন।
মঙ্গলবার রাতে আবারও মা বানু খাতুনের কাছে মালয়েশিয়া থেকে ফোন আসে। জানানো হয়, মালয়েশিয়ায় কর্মরত তাঁর দুই ছেলের মধ্যে রবিউল ইসলাম (৩২) মারা গেছেন। আরেক ভাই ওমর আলী (৩৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। মাত্র দুদিন আগেও যে ছেলে মাকে চিন্তা করতে নিষেধ করেছিলেন, সেই ছেলে আর ছেলের স্ত্রী-সন্তান নিয়ে এখন মায়ের চিন্তার শেষ নেই। সারাক্ষণ চিন্তা আর কান্নাকাটি করছেন বৃদ্ধা বানু খাতুন। পরিবারের অন্যরাও কাঁদছেন।
মঙ্গলবার মালয়েশিয়ায় বান্ডারস্টোক নামের এক এলাকায় নির্মাণকাজ করার সময় দেয়াল ধসে নিহত হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে রবিউল ইসলাম (৩২)। এ সময় তাঁর বড় ভাই ওমর আলী (৩৫) আহত হয়েছেন। দুজনে একসঙ্গে কাজ করতেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সেজিয়া গ্রামে রবিউলদের বাড়িতে গিয়ে দেখা যায়, বানু খাতুন শোকে স্তব্ধ। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। একমাত্র বোন মরিয়ম বেগম খবর পেয়ে ছুটে এসেছেন। বড় দুই ভাবি, বোন মরিয়ম ও প্রতিবেশীরা কাঁদছেন। ভাবি সাহিদা খাতুন জানান, তাঁদের বড় দুই ভাই ব্যবসা করে সংসার চালাচ্ছেন। রবিউল আর ওমর মাঠে কাজ করতে পারেন না। ব্যবসা করার মতো পুঁজিও তাঁদের নেই। তাই গত বছরের আগস্টে দুই ভাই মালয়েশিয়ায় যান। এ জন্য প্রায় নয় লাখ টাকা খরচ হয়, যার বেশির ভাগই ধারদেনা করে সংগ্রহ করা। আশা ছিল, বিদেশে উপার্জনের টাকা দিয়ে দেনা পরিশোধ করা হবে। দেশে ফিরে ব্যবসা হবে। এরই মধ্যে তিন লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এখনো চার লাখ টাকার দেনা আছে।
সাহিদা খাতুন আরও জানান, রবিউল ইসলামের স্ত্রীর নাম জেসমিন আক্তার। তাঁর রিয়া নামে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। আর ওমর আলীর স্ত্রীর নাম লাভলি। তাঁদের কোনো সন্তান নেই।
মা বানু খাতুন জানান, মালয়েশিয়ায় দুই ছেলে একসঙ্গে থাকতেন। মাঝেমধ্যে ফোন করতেন। দুদিন আগেও কথা হয়েছিল। কখনো ভাবেননি তাঁর কপালে এ ঘটনা রয়েছে। এখন এক ছেলের লাশের অপেক্ষায় আছেন। তিনি আহত ছেলের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
রবিউল ইসলামের সহকর্মী যশোরের ইউনুচ আলী মালয়েশিয়া থেকে মুঠোফোনে জানান, তাঁরা লাশ দেশে পাঠানোর সব ব্যবস্থা করছেন। বৃহস্পতিবার রাত নাগাদ লাশ বাংলাদেশে পৌঁছানোর কথা।
জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবরটি তিনি শুনেছেন। তবে সরকারিভাবে কোনো খবর তাঁর কাছে আসেনি।