মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করা হবে সরকারিভাবেই
সরকার চাইলে বায়রাকে যুক্ত করতে পারবে আজ সমঝোতা স্মারক সই হচ্ছে
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির কাজ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে না। সরকারিভাবেই পাঠানো হবে। তবে এবার সরকার চাইলে এ কাজে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রাকে যুক্ত করতে পারবে।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নতুন এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘জি টু জি প্লাস’। এই প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে দুই দেশের মধ্যে আজ মঙ্গলবার সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ জন্য মালয়েশিয়ার একটি সরকারি প্রতিনিধিদল এখন ঢাকায় অবস্থান করছে। গতকাল সোমবার তারা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এ সময় নতুন এ প্রক্রিয়া নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।
বাংলাদেশ থেকে প্রায় পাঁচ লাখ জনবল নেওয়ার কথা মাস দুয়েক আগে ঘোষণা করে মালয়েশিয়া। সরকারি পর্যায়ে (জি টু জি) মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে লক্ষ্য পূরণ না হওয়ায় আলোচনা চলছিল, এবার জনশক্তি পাঠানোর কাজটি বেসরকারি পর্যায়ে (বিজনেস টু বিজনেস পদ্ধতি বা বি টু বি) ছেড়ে দেওয়া হবে।
প্রবাসীকল্যাণমন্ত্রী গতকাল নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ার প্রতিনিধিদল বি টু বি পদ্ধতিতে জনবল পাঠানোর প্রস্তাব নিয়ে আসেনি। তারা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করতে রাজি নয়। এ জন্য বি টু বি প্রক্রিয়ায় জনশক্তি পাঠানো হচ্ছে না। ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে জনশক্তি পাঠানো হবে। এতে সরকার চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজকে (বায়রা) এ কাজে সংযুক্ত করতে পারবে। তিনি বলেন, দুই দেশের সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে মালয়েশিয়ায় এত দিন লোক পাঠানো হয়েছে। এটি ছিল ‘জি টু জি’ পদ্ধতি। এখন ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে জনবল পাঠানো হলে ‘জি টু জি’র গতি বাড়বে।
এ প্রক্রিয়ায় কবে নাগাদ জনবল পাঠানো শুরু হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, মাস খানেকের মধ্যে শুরু হতে পারে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকারি পর্যায়ে লোক পাঠানো হলে একেকজন ৩৬ থেকে ৩৭ হাজার টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন। সেখানে সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করলে খরচ হবে প্রায় ৬০ হাজার টাকা। এখন শ্রমিক, চিকিৎসক, শিক্ষকসহ সব পর্যায়ের জনবল নেবে মালয়েশিয়া। এতে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জন্য সব খাত উন্মুক্ত হচ্ছে।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া হলেও নানা সমস্যার কারণে ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। এরপর নানা চেষ্টার পর ২০১২ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে সরকারিভাবে (জি টু জি) কর্মী নেওয়ার চুক্তি হয়। এরপর মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার লোক নিবন্ধন করলেও গত তিন বছরে পাঠানো গেছে মাত্র সাত হাজারের মতো। তবে বিভিন্ন প্রক্রিয়ায় দেশটিতে লোক যাচ্ছে। সম্প্রতি সাগরপথে মানব পাচার নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক লোক নেওয়ার প্রস্তাব দেয় মালয়েশিয়া। লোক নেওয়ার প্রক্রিয়া নিয়ে কথাবার্তা শুরু হয়।
এর অংশ হিসেবে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল শরিফউদ্দিন বিন কাশেমের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারিভাবে কর্মী পাঠানোর জন্য আগ্রহীদের যে তথ্যভান্ডার তৈরি করা হয়েছে, সেখান থেকেই বাছাই করে কর্মী পাঠানোর সিদ্ধান্ত আছে। আজ সমঝোতা স্মারক হলে এসব বিষয় পরিষ্কার হবে।
‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বায়রা। বায়রার সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে সরকারিভাবে ছাড়া মালয়েশিয়ায় লোক পাঠানোর সুযোগ ছিল না। এখন তাঁদেরও যুক্ত করার সুযোগ তৈরি হচ্ছে। তিনি মনে করেন, বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করলেও ৬০ থেকে ৭০ হাজার টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব।