মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করে সরকারিভাবে (জিটুজি প্লাস) মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়টি পিছিয়ে যাচ্ছে।
অথচ কিছুদিন ধরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল, জিটুজি প্লাস পদ্ধতিতে কর্মী পাঠানোর বিষয়টি প্রায় চূড়ান্ত। ৩ নভেম্বর ঢাকায় মালয়েশীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, শিগগির মন্ত্রিসভার অনুমোদন নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর কর্মী পাঠানো শুরু হবে। কিন্তু মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকের খসড়াটি গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পাঠিয়েও তা প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মালয়েশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় সমঝোতা স্মারকের খসড়া প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এদিকে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী তিন বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা বললেও দেশটির ট্রেড ইউনিয়ন কংগ্রেস এত বিদেশি শ্রমিক নেওয়ার বিরোধিতা করছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার অনুরোধেই খসড়াটি শেষ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। গত রোববার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে মালয়েশিয়া বলেছে, তারা এ বিষয়ে আরও ‘কিছু সংশোধন’ করতে চায়। এ কারণে তারা এখনই সমঝোতা স্মারকের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন না করানোর অনুরোধ করেছে।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, খসড়াটির অনুমোদন পিছিয়ে যাওয়ায় মালয়েশিয়ায় জিটুজি প্লাস পদ্ধতিতে জনশক্তি রপ্তানিও পিছিয়ে গেল। মন্ত্রণালয় এবং জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মূলত মালয়েশিয়াই বিষয়টি নিয়ে জটিলতা করছে। সেখানকার একটি গোষ্ঠী চাইছে এই জনশক্তি রপ্তানির বিষয়টি তাদের নিয়ন্ত্রণে রাখতে। এই তৎপরতা থেকেই নতুন নতুন জটিলতা সামনে আসছে।
এদিকে মালয়েশিয়ার দ্য ইনসাইডার পত্রিকার খবরে বলা হয়েছে, গত বুধবার মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি পার্লামেন্টে বলেছেন, তাঁর দেশ বিদেশি শ্রমিক আনার বিষয়ে বাংলাদেশকেই প্রাধান্য দেয়। কারণ, বাংলাদেশিরা অনুগত ও বিশ্বস্ত। আগামী তিন বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পরই ওই শ্রমিকেরা আসবেন।
হামিদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি দেখভাল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হামিদির এই বক্তব্যের জবাবে মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি) আরও বিদেশি শ্রমিক নেওয়ার বিরোধিতা করেছে। দ্য ইনসাইডার-এর খবরে বলা হয়, এমটিইউসি বলেছে, নতুন করে বিদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে প্রায় ১৫ লাখ শ্রমিক আনার কী দরকার? ২০২০ সালের মধ্যে বিদেশ থেকে ১৫ শতাংশ শ্রমিক নেওয়ার কথা থাকলেও ইতিমধ্যে তা ছাড়িয়ে গেছে। এমইউটিসির মহাসচিব এন গোপাল কিশনাম বলেন, ইতিমধ্যে মালয়েশিয়ায় ২১ লাখ বৈধ বিদেশি শ্রমিক আছেন এবং আরও ৪০ লাখ বৈধ হওয়ার অপেক্ষায় আছেন। বাংলাদেশ থেকে আরও ১৫ লাখ শ্রমিক আনলে বিদেশি শ্রমিকের সংখ্যা ২০ শতাংশ ছাড়িয়ে যাবে।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া নানা অনিয়ম ও প্রতারণার কারণে ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। পরে ২০১২ সালের নভেম্বরে দুই দেশের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (জিটুজি) কর্মী নেওয়ার চুক্তি হয়।
এরপর মালয়েশিয়ায় যেতে প্রায় সাড়ে ১৪ লাখ লোক নিবন্ধন করেন। এর মধ্য থেকে গত তিন বছরে প্রায় আট হাজার কর্মী দেশটিতে গেছেন।