মালয়েশিয়ায় তিন বছরে ১৫ লাখ কর্মী পাঠানোর ঘোষণা
বাংলাদেশ থেকে জি-টু-জি প্লাস (সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বয়ে) পদ্ধতিতে আগামী তিন বছরে মালয়েশিয়ায় ১৫ লাখ কর্মী পাঠানো হবে। এবার সরকারের সঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এই প্রক্রিয়ায় সহযোগিতা করবে।
গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যে সমঝোতা খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী যেতে মাথাপিছু খরচ হবে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা। এই টাকা নিয়োগদাতা কর্তৃপক্ষ বহন করবে।
জনশক্তি খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর আগে বি-টু-বি (বিজনেস টু বিজনেস) ও জি-টু-জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ ব্যর্থ হয়েছে। তখনো লাখ লাখ শ্রমিক পাঠানোর কথা বলা হয়েছিল। ওই সব উদ্যোগ সফল না হওয়ায় এবার ‘জি-টু-জি প্লাস’ পদ্ধতিতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এই পদ্ধতিতে যত শ্রমিক পাঠানোর কথা বলা হচ্ছে, তার বাস্তবতা নিয়ে সংশয় রয়েছে। বছরে পাঁচ লাখ শ্রমিক পাঠাতে হলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৬৯ জন শ্রমিক পাঠাতে হবে, যা বাস্তবে খুব কঠিন বলে মনে করছেন এই খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর সক্ষমতা অনুযায়ী যদি পূর্ণ সুযোগ দেওয়া হয়, তাহলে পাঁচ লাখ না হলেও বছরে তিন লাখ কর্মী পাঠানো সম্ভব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো কী পাবে, তা এখনো ঠিক হয়নি। সমঝোতা চুক্তি হওয়ার পর সরকার ও বায়রা আলোচনা করে বিষয়টি ঠিক করবে।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া, যেখানে প্রায় ছয় লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। গত কয়েক বছর দেশটিতে শ্রমিক পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনাই বেশি হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জি-টু-জি পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া। সে সময় প্রতি ছয় মাসে ৫০ হাজার শ্রমিক পাঠানোর লক্ষ্য ঠিক হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে গত তিন বছরে পাঠানো হয়েছে মাত্র সাত হাজারের মতো শ্রমিক।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এবারের প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিপূর্ণ হবে। নতুন এই সমঝোতা স্মারক কার্যকর হলে ২০১২ সালের সমঝোতা স্মারক ও ২০১৪ সালে স্বাক্ষরিত প্রটোকল বাতিল হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আগের নেওয়া উদ্যোগগুলোর ক্ষেত্রে বায়রার পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি। তবে জি-টু-জি প্লাস চুক্তির ক্ষেত্রে বায়রা সহযোগিতামূলক কিছু কাজে অংশ নেবে। এ ক্ষেত্রে তারা নির্ধারিত কিছু ফি নিতে পারবে। রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী সংগ্রহ, কর্মীদের বায়োমেডিকেল পরীক্ষা, নিরাপত্তা যাচাই, চুক্তি সম্পাদন, ভিসা প্রক্রিয়াকরণ ও প্রশিক্ষণকাজে সহায়তা করবে।
মোহাম্মদ শফিউল আলম বলেন, আগামী এক মাসের মধ্যে দুই দেশ সমঝোতা স্মারকে সই করার পর জনশক্তি রপ্তানির মূল কাজ শুরু হবে। তাঁর মতে, এ প্রক্রিয়া আগের তুলনায় স্বচ্ছ হবে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং নারী কর্মীদের যাওয়ার সুযোগ সৃষ্টি করবে।
ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশের বড় অর্জন হলো সোর্স কান্ট্রি (যেসব দেশ থেকে কর্মী নেবে) হিসেবে বাংলাদেশকে মালয়েশিয়া তালিকাভুক্ত করেছে। এর ফলে সেবা, উৎপাদন, নির্মাণ খাতে কর্মী পাঠানো যাবে। আগে এটা কেবল প্ল্যানটেশনে সীমাবদ্ধ ছিল। সে অনুযায়ী শুধু সরকারিভাবে মালয়েশিয়ার ‘প্ল্যানটেশন’ খাতে শ্রমিক পাঠানো হচ্ছিল। কিন্তু প্ল্যানটেশন খাতে কাজ করতে আগ্রহীর সংখ্যা কম হওয়ায় ওই উদ্যোগে আশানুরূপ সাড়া মেলেনি। সচিব বলেন, জি-টু-জি পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। একেই বলা হচ্ছে জি-টু-জি প্লাস।
ব্রিফিংয়ে আরও বলা হয়, সরকারি পর্যায়ে (জি-টু-জি) কর্মী পাঠানোর জন্য ইতিমধ্যে আগ্রহী ব্যক্তিদের যে তথ্যভান্ডার তৈরি করা হয়েছে, সেখান থেকেই বাছাই করে শ্রমিক নেবে মালয়েশিয়া। নিয়োগ-প্রক্রিয়ার শুরুতে মালয়েশিয়া সরকার নিয়োগকর্তার সক্ষমতা ও চাহিদা যাচাই করে চাকরির সব সুবিধা নিশ্চিত করবে। প্রত্যেক শ্রমিককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, এরপর তিনি আরও এক বছর কাজ করার সুযোগ পাবেন। কর্মীদের বেতন সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে। এ ছাড়া নিয়োগ কর্তৃপক্ষকে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন থেকে সত্যায়িত হতে হবে।
গতকালের বৈঠকে বাংলাদেশ শিপিং করপোরেশন আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।