মালয়েশিয়ায় তিন বাংলাদেশির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়া তিন বাংলাদেশি শ্রমিকেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিন শ্রমিকের খোঁজে গতকাল মঙ্গলবার স্থনীয় সময় সকাল সাড়ে আটটার মধ্যে বিমটি কেটে ১৪ টুকরা করা হয়।
মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় ওই উড়ালসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান মাস র্যাপিড ট্রানজিট করপোরেশনের (এমআরটি কর্প) কর্মকর্তা আমির মাহমুদ রাজাক এ কথা জানিয়েছেন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক টুইটার বার্তায় এ ঘটনার পুনঃ তদন্তের আহ্বান জানিয়েছেন। নাজিব রাজাক বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে কষ্ট পেয়েছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবশ্যই এই ঘটনার পুনঃ তদন্ত হওয়া উচিত।’ খবর নিউ স্ট্রেইটস টাইম ও বার্তা সংস্থা বারনামার।
আমির মাহমুদ বলেন, বিমটি ১৪ টুকরা করার পর সকাল সাড়ে ১০টা নাগাদ প্রথম টুকরাটি সরিয়ে ফেলা হয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে ৩০০ টন ওজনের বিমটি সিমেন্টের তৈরি আড়াআড়িভাবে স্থাপিত কাঠামোর ওপর তোলার সময় হঠাৎ করে নিচে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর রাজ্যের ফায়ার সার্ভিস ও উদ্ধার-সহায়তা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সানি হারুল জানান, গতকাল ভোররাতের দিকে মোহাম্মদ ইলাহী হোসেইন (২৭) নামের শ্রমিকের লাশটি প্রথম উদ্ধার করা হয়। পরে বেলা দেড়টার দিকে মো. ফারুক খান ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিকের লাশও উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো সাঙ্গেই বুলো হাসপাতালে পাঠানো হয়েছে।