মালয়েশিয়ায় তিন লাখ বাংলাদেশি শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন
মালয়েশিয়ায় কর্মরত অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সোমবার বহু প্রতীক্ষিত এই কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের ফলে দেশটিতে বসবাসরত অবৈধ প্রায় তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে অবৈধ শ্রমিক নিবন্ধনের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে কাজ শুরু করতে সমস্যা হয়। মালয়েশিয়ান ইমিগ্রেশন সেন্টারগুলো থেকে একপর্যায়ে জানানো হয়, কম্পিউটারগুলোতে এখনো সফটওয়্যার ইনস্টল করা যায়নি। নির্ধারিত সময়ের অনেক পরে অনেক স্থানে এ কার্যক্রম শুরু হয়। কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত সবচেয়ে বড় এলাকা কোটারিয়া। সেখান থেকে অনেক বাংলাদেশি প্রথম আলোকে জানান, সকাল আটটায় তাঁরা লাইনে দাঁড়ান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছিল না।তবে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, রোববার থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ছোটখাটো কিছু সমস্যা ছিল। মঙ্গলবার থেকে এসব সমস্যা দূর হয়ে যাবে। মন্টু কুমার আরও জানান, আগামী দুই সপ্তাহ এই নাম নিবন্ধনের কার্যক্রম চলবে। ২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এর ফলে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় যাওয়া কয়েক লাখ বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন।