মালয়েশিয়ায় ধরপাকড় এখনো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিভিন্ন স্থানে অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত আছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার আলাদা অভিযানে বাংলাদেশিসহ ২৩১ জনকে আটক করা হয়েছে।

অবৈধ বিদেশি শ্রমিকদের অস্থায়ী কাজের সুযোগ দিয়ে বৈধতা দেওয়ার বিশেষ কর্মসূচি ই-কার্ডে (এনফোর্সমেন্ট কার্ড) নির্ধারিত সময়ে নিবন্ধনে ব্যর্থ শ্রমিকদের তাঁদের দেশে পাঠানো হবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীর বরাত দিয়ে দেশটির নিউ স্ট্রেইট টাইমস গতকাল এ খবর জানিয়েছে।

গত ৩০ জুন মধ্যরাতে শুরু হওয়া অবৈধ শ্রমিকবিরোধী অভিযানে গতকাল পর্যন্ত ১ হাজার ৭৪০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি ৮ শতাধিক।

বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক অবৈধ হয়ে গ্রেপ্তারের শিকার হওয়ায় নিয়োগ কর্তাদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া ও মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন তানাগানিতা। মালয় মেইল অনলাইন এ খবর জানিয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়ার সভাপতি আখবার সাতার বলেন, অভিবাসন আইন অনুযায়ী, অবৈধ অভিবাসনের দায়ে দায়িত্বজ্ঞানহীন নিয়োগ কর্তাদের ১০ হাজার রিঙ্গিত জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। এসব নিয়োগ কর্তা যা করছেন, তা অবধারিতভাবে মানব পাচারের শামিল, সে তুলনায় তাঁদের লঘু শাস্তি দেওয়া হচ্ছে।

আখবার সাতারের মতে, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে জন্য শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহানোটা রীতিমতো অন্যায়। কারণ এ ক্ষেত্রে নিয়োগ কর্তাদেরও দায় আছে। নিজেদের শ্রমিকদের নিবন্ধন করানোর জন্য যথেষ্ট সময় পাওয়ার পরও সুযোগটা এসব নিয়োগ কর্তা নষ্ট করেছেন। বিদেশি শ্রমিক নিয়োগের সময় কেন মধ্যস্বত্বভোগীদের ব্যবহার করা হয়, সেটি অভিবাসন দপ্তরের খতিয়ে দেখা উচিত।

তানাগানিতার পরিচালক এজিল ফার্নান্দেজ মনে করেন, আটক বিদেশি শ্রমিকদের অনেকেই মানব পাচারের শিকার হওয়া লোকজন হিসেবে তালিকাভুক্ত হবেন। আটক লোকজনের কাজের অধিকারের পাশাপাশি মানবাধিকারের বিষয়টি অগ্রাহ্য করা উচিত নয়। কারণ তাঁদের বেশির ভাগ বাঁচার তাগিদে মালয়েশিয়ায় এসেছেন।

গতকাল বারনামার খবরে বলা হয়, সেলানগর প্রদেশের কোটা কুমেনিংয়ে অবৈধ বিদেশি শ্রমিকবিরোধী অভিযানের সময় অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী গতকাল সাংবাদিকদের জানান, ই-কার্ড জালিয়াত চক্রের বিরোধী অভিযানে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ ছাড়া ১৫৬ জন অবৈধ বিদেশি শ্রমিক এবং স্থানীয় দুই নিয়োগ কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক বিদেশিরা বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিক।

কুয়ালালামপুরে অবৈধ বিদেশি শ্রমিকবিরোধী অভিযানে গত মঙ্গলবার ৫০ জন নারী ও ২৫ জন পুরুষকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ইন্দোনেশিয়ার ৫২, বাংলাদেশের ১৫, মিয়ানমারের ৫, চীনের ২ ও থাইল্যান্ডের ১ জন নাগরিক রয়েছেন।