মালয়েশিয়ায় নিবন্ধিতদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার দুই কর্মসূচি ই-কার্ড ও রি-হায়ারিংয়ে নিবন্ধিতদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি। শেষ হওয়া ই-কার্ড কর্মসূচিতে নিবন্ধিতদের মধ্যে ৫৭ শতাংশই বাংলাদেশের। চলমান রি-হায়ারিং কর্মসূচিতে এ পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে ২ লাখ ৯৩ হাজার জন বাংলাদেশি।

যেহেতু বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ নিচ্ছেন, তাই তাঁরা যেন ভয়ভীতি ছাড়াই এই কর্মসূচির সুযোগ নিতে পারেন, তা নিশ্চিত করতে মালয়েশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলীর সঙ্গে আলোচনায় বাংলাদেশ এই অনুরোধ জানিয়েছে। ১ জুলাই অবৈধ বিদেশি শ্রমিকদের আটক অভিযান শুরুর পর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ, ভারত ও নেপালের কূটনীতিকদের ব্রিফ করেছেন মুস্তাফার আলী। তিনি এ পর্যন্ত আটক অবৈধ বিদেশি শ্রমিকের সংখ্যা, নিবন্ধিত শ্রমিকের সংখ্যা, আটক ব্যক্তিদের ভবিষ্যৎ, অভিযানের কারণ এবং বিদেশি শ্রমিক বিষয়ে মালয়েশিয়া সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করেন।

মালয়েশিয়া সরকার অবৈধ হয়ে পড়া বিদেশি শ্রমিকদের বৈধতা দিয়ে অস্থায়ীভাবে কাজের সুযোগ নিশ্চিত করতে এনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) দেওয়ার ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে নিবন্ধনের সময়সীমা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩০ জুন শেষ হয়েছে। এরপর ১ জুলাই শুরু হয় অবৈধ বিদেশি শ্রমিকদের আটকের অভিযান। তা এখনো চলছে। এদিকে অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা দিতে চালু করা ‘রি-হায়ারিং কর্মসূচি’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের যেসব নাগরিক বৈধ প্রক্রিয়ায় বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন, তাঁরা এই কর্মসূচির সুযোগ নিতে পারবেন।

হাইকমিশন সূত্র বলেছে, গত সোমবার মুস্তাফার আলী বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকদের বলেন, অবৈধ বিদেশি শ্রমিকবিরোধী অভিযানে দুই সপ্তাহে সাড়ে চার হাজার লোককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ২৮৬ জন বাংলাদেশের নাগরিক। ই-কার্ডে নিবন্ধিত অবৈধ বিদেশি শ্রমিকদের ৫৭ শতাংশ বাংলাদেশের। এ ছাড়া রি-হায়ারিং কর্মসূচিতে নিবন্ধিত হয়েছেন প্রায় ২ লাখ ৯৩ হাজার বাংলাদেশি শ্রমিক।

ওই আলোচনায় মালয়েশিয়ায় ই-কার্ডে নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর বাংলাদেশিদের ধরপাকড় বন্ধ এবং বৈধ প্রক্রিয়ায় বিমানবন্দর দিয়ে যাওয়ার পর অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের বৈধতা নিশ্চিত করার অনুরোধ জানায় বাংলাদেশ। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টিতে তারা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, তাই ই-কার্ডে সময় বাড়ানোর সুযোগ নেই। অবৈধ শ্রমিকবিরোধী অভিযানের নিয়মিত কার্যক্রম চলবে। তবে রি-হায়ারিং কর্মসূচি এ বছরের ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত চলবে। বাংলাদেশের লোকজনকে ওই কর্মসূচিতে নিবন্ধিত হতে উৎসাহিত করতে বলেছে মালয়েশিয়া। এ ছাড়া অবৈধ শ্রমিকবিরোধী অভিযানে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গটি তুলেছে মালয়েশিয়া। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, আটক লোকজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের দেশে ফেরত পাঠানোর জন্য ভ্রমণ পাস দেবে হাইকমিশন।

মালয়েশিয়ার অবৈধ শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কুয়ালালামপুরে বাংলাদেশের সাবেক হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, বিদেশি শ্রমিকবিরোধী অভিযানে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলার জন্য মালয়েশিয়ার রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা চালানো জরুরি। সেই সঙ্গে বাংলাদেশের যেসব শ্রমিক দেশটিতে কাজ করছেন, তাঁদেরও নিবন্ধনের সুযোগ নেওয়ার ব্যাপারে সংবেদনশীল করা উচিত।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র প্রথম আলোকে বলেছে, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীসহ দেশটির রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ে অবৈধ বিদেশি শ্রমিকদের আটক-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা নিয়ে বাংলাদেশ আলোচনা করছে।

জানতে চাইলে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি বেনজির আহমেদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ায় যখন বৈধ পথে লোকজনের কাজের সুযোগ হয়েছে, সে সময়ে অবৈধ প্রক্রিয়ায় সেখানে যাওয়া দুঃখজনক।