মালয়েশিয়ায় নিহত জালালের দাফন
মালয়েশিয়ায় বিরোধের জের ধরে মো. জালাল (৪৫) নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। গত ২৩ জানুয়ারি মালয়েশিয়ার জহুরবারু এলাকার একটি জঙ্গল থেকে জালালের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মালয়েশিয়ার পুলিশ সালমান ব্যাপারী নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
জালাল পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগরা গ্রামের তাহের আলীর ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গ্রেপ্তার সালমান ব্যাপারীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার টেকেরহাট গ্রামে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আট বছর আগে জালাল শ্রমিকের চাকরি নিয়ে মালয়েশিয়া যান। সেখানে পরিচয় হয় সালমান ব্যাপারীর সঙ্গে। গত ২০ জানুয়ারি সালমান ব্যাপারীর সহযোগিতায় জালাল তিন ব্যক্তিকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নেন। ওই তিন ব্যক্তি মালয়েশিয়া পৌঁছার পর সালমান তাঁদের একটি বাড়িতে আটকে রেখে জালালের কাছে আরও টাকা দাবি করেন। ওই দিন জালাল ৬০ হাজার টাকা নিয়ে সালমানের কাছে যান। এরপর থেকে জালাল নিখোঁজ ছিলেন। ২৩ জানুয়ারি পুলিশ মালয়েশিয়ার জহুরবারু এলাকার একটি জঙ্গল থেকে জালালের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সালমানকে গ্রেপ্তার করা হয়। গত রোববার রাত ১২টার দিকে জালালের লাশ ঢাকা হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত সোমবার সকালে গ্রামের বাড়িতে তাঁকে লাশ দাফন করা হয়।
জালালের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ৬ লাখ ৯০ হাজার টাকা সালমানের ভাই সাপোয়ান ব্যাপারীর হাতে তুলে দিয়ে তিন ব্যক্তি জালালের মধ্যস্থতায় মালয়েশিয়া যান। সেখানে যাওয়ার পর সালমান তিনজনকে আটকে রেখে আরও টাকা দাবি করেন। ৬০ হাজার টাকা নিয়ে জালাল তিনজনকে ছাড়িয়ে আনতে গিয়ে খুন হন।
সাপোয়ান ব্যাপারী টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি বিদেশে লোক পাঠানো ও খুনের ঘটনার ব্যাপারে কিছুই জানি না। কয়েক দিন ধরে ভাই সালমানের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।’