মালয়েশিয়ায় নিহত পাঁচ বাংলাদেশির লাশ দেশে নবীনগরে দাফন
মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ গতকাল শুক্রবার দেশে পৌঁছেছে। বিমানবন্দরে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হয়। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ভোরে নিহতদের কফিন ঢাকায় পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন। প্রাথমিকভাবে লাশ দাফনের জন্য নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়। প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, নিহতদের স্বজনদের ৩৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পরে তাঁরা দুই লাখ করে টাকা পাবেন। এ ছাড়া মালয়েশিয়ায় বকেয়া বেতন থাকলে দূতাবাসের মাধ্যমে সেটি আদায় করা হবে। ঢাকা থেকে লাশগুলো নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আনা হলে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে বাদ জুমা প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে জানাজা শেষে নিহতদের লাশ দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর ও নবীনগরের একাংশ) আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদ, নবীনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী তাজুল ইসলাম নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতি পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হবে বলেও জানান।সাংসদ শাহ জিকরুল আহমেদ নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর এক মাসের বেতন নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করেন।২ জুলাই রাতে মালয়েশিয়ার সেলানগর রাজ্যের পুচংয়ে একটি বাড়িতে আগুন লেগে দুই ভাইসহ এই পাঁচ বাংলাদেশি মারা যান। এঁরা হলেন: গোলাম সারোয়ার ওরফে বাবু (২৭), আবদুল্লাহ আল ফরহাদ ওরফে সজীব (২৮), হাফেজ মিয়া ওরফে রুমান এবং দুই সহোদর বশির মিয়া (৩২) ও ফারুক মিয়া (২৮)।