মালয়েশিয়ায় নৌ-প্রদর্শনীতে অংশ নিচ্ছে নৌবাহিনীর জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় আন্তর্জাতিক নৌ-প্রদর্শনীতে অংশ নিচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আবু বকর। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার উদ্দেশে জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মার্চ থেকে ছয় দিনব্যাপী মালয়েশিয়ার লংকাউইতে আন্তর্জাতিক ‘মেরিটাইম ও অ্যারোস্পেস’ প্রদর্শনী হবে। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধবিমান প্রদর্শন করা হবে। বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারাও অংশ নেবেন। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আবু বকরের অধিনায়ক ক্যাপ্টেন এম মাহমুদুল মালেকের নেতৃত্বে ১৭ জন কর্মকর্তা, ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও ১৭২ জন নাবিক প্রদর্শনীতে অংশ নেবেন।
গতকাল জাহাজটি জেটি ত্যাগ করার সময় চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব ও নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী জানায়, জাহাজটি দেশে ফেরার পথে মিয়ানমারের ইয়াংগুন বন্দরে দুদিনের শুভেচ্ছা সফর করবে। ৩১ মার্চ জাহাজটি চট্টগ্রামে ফেরার কথা রয়েছে। প্রদর্শনী ও শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে নৌবাহিনী।