মালয়েশিয়ায় প্রতারণার শিকার ৪০০ বাংলাদেশি শ্রমিক, বিক্ষোভ
চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি (এজেন্ট) তাঁদের সঙ্গে প্রতারণা করেছে বলে মালয়েশিয়ায় কর্মরত প্রায় ৪০০ বাংলাদেশি শ্রমিক দাবি করেছেন। এ ব্যাপারে তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামার বরাত দিয়ে দ্য স্টার এ খবর দিয়েছে।মালয়েশিয়ার কেদাহ রাজ্যের রাজধানী আলোর সেতার শহরের লরং ওয়ান মাত সামান এলাকায় ওই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির বাসভবনের সামনে ৫০ জন বাংলাদেশি শ্রমিক বিক্ষোভ করেন। প্রতারণার শিকার ওই কর্মীদের মুখপাত্র সিরাজুল হক কাজী বলেন, মালয়েশিয়ার সরকার চলতি বছরের প্রথম দিকে কাজের নতুন নিয়ম চালু করে। বাংলাদেশি শ্রমিকেরা ওই নিয়মের আওতায় একটি স্থাপনা-নির্মাণ প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। ওই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বাংলাদেশি প্রত্যেক শ্রমিকের পাসপোর্ট অনুমোদনের জন্য সাড়ে তিন হাজার মালয়েশীয় রিংগিত দাবি করেন। এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাঁরা প্রত্যেকে তিন হাজার রিংগিত করে অগ্রিম পরিশোধ করেন। নির্ধারিত অর্থের পরিমাণ বাড়িয়ে চার হাজার ২০০ রিংগিত করা হয়েছে বলে ওই এজেন্ট সম্প্রতি দাবি করে অতিরিক্ত ওই অর্থ পরিশোধ না করলে কাউকে পাসপোর্ট দেওয়া হবে না বলে জানান। বিষয়টি ২৫ জুলাই স্থানীয় পুলিশকে জানানো হয়েছে।