মালয়েশিয়ায় ফের হয়রানির শিকার বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নবায়ন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকেরা। কাজের অনুমতিপত্র নবায়নের জন্য ওই দেশের বহির্গমন কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট জমা দিয়ে তা আর ফেরত পাচ্ছেন না তাঁরা। ফলে কারাভোগসহ নানা রকম হয়রানির ঝুঁকিতে পড়েছেন বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক। এমন অনেক শ্রমিক প্রথম আলোতে ফোন করে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন।মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় কর্মরত বেসরকারি প্রতিষ্ঠান কারাম এশিয়ার কর্মকর্তা হারুন আল রশীদ গতকাল শনিবার প্রথম আলোকে জানান, ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে যেসব শ্রমিক মালয়েশিয়ায় গেছেন, তাঁদের বড় একটা অংশ এ সমস্যায় পড়েছে। মালয়েশিয়ার বহির্গমন কর্তৃপক্ষ পাসপোর্ট রেখে শ্রমিকদের একটি বিশেষ কার্ড দিচ্ছে, কিন্তু পুলিশ সেই কার্ড আমলে নিচ্ছে না। কুয়ালালামপুরে তাঁদের কাছে এই অভিযোগ নিয়ে অনেক বাংলাদেশি শ্রমিক আসছেন বলেও জানান তিনি।জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল আজ রোববার মালয়েশিয়ায় যাচ্ছে। তারা শ্রমিকদের এসব সমস্যা নিয়ে আলোচনা করবে।মালয়েশিয়ার জহর প্রদেশের রাজধানী জহুরবারুর একটি আসবাব তৈরির কারখানায় কর্মরত শ্রমিক শহীদুল ইসলাম টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন দেশে ফিরে যাব, নাকি থাকব, তা-ও বুঝতে পারছি না। গত মে মাস থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি। বারবার ধরনা দিয়েও পাসপোর্ট উদ্ধার করা যায়নি। পাসপোর্ট না থাকায় আমরা ছুটির দিনেও বাড়ির বাইরে বেরোতে পারছি না। পুলিশ এরই মধ্যে অনেককে ধরে নিয়ে গেছে।’ শ্রমিকেরা এ সমস্যা নিয়ে দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের শরণাপন্ন হয়েও স্পষ্ট কোনো বক্তব্য পাননি বলে অভিযোগ করেন। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকর্তা মন্টু কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, দূতাবাসে এ ধরনের অভিযোগ নিয়ে বাংলাদেশি শ্রমিকেরা এসেছিলেন। যত দূর জানা গেছে, বহির্গমন কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের নাম-পরিচয়সংবলিত যে ডেটা ব্যাংক রয়েছে, তা কাজ করছে না। তবে খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দিয়েছে। সমাধানের জন্য মালয়েশিয়ার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে।বাংলাদেশি শ্রমিকদের পুলিশি হয়রানির হাত থেকে রক্ষায় দূতাবাস কী উদ্যোগ নিয়েছে জানতে চাইলে শ্রম কর্মকর্তা বলেন, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা এখনো জারি হয়নি। উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ মালয়েশিয়ায় যাচ্ছে: মালয়েশিয়ায় যেন আবারও বেশিসংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজের সুযোগ পান, সে বিষয়ে আলোচনা করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মালয়েশিয়ায় যাচ্ছে। পাঁচ দিনের এ সফরে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে দলটি আলোচনায় বসবে। সচিব জাফর আহমেদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ছয় হাজার জেলে নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। অন্যান্য ক্ষেত্রেও যেন শ্রমিকেরা কাজের সুযোগ পান, সে জন্য আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প, কৃষি, বনায়ন ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। দেশটির কর্মসংস্থানবিষয়ক সংগঠনের সঙ্গেও আলোচনার কথা আছে।’ প্রতিনিধিদল বাংলাদেশিদের কয়েকটি ক্যাম্প পরিদর্শন করবে। মালয়েশিয়ায় মৎস্য খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কেও দলটি খোঁজখবর নেবে। জেলেদের পাঠানোর বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পরিদর্শনের আমন্ত্রণ জানানো হবে।২০০৯ সালের মার্চে মালয়েশিয়া সরকার বাংলাদেশের ৫৫ হাজার শ্রমিকের কলিং ভিসা বাতিল করে দেয়। তখন প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় গিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু এ বছরের আগস্ট পর্যন্ত মাত্র ৪৯২ জন শ্রমিক মালয়েশিয়ায় যেতে পেরেছেন।