মালয়েশিয়ায় বাংলাদেশ গ্লোবাল সামিট
ছয়টি মহাদেশের উচ্চপদস্থ বাংলাদেশি ব্যক্তিদের অংশগ্রহণে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৯ ও ২০ নভেম্বর এ সম্মেলন হবে। এর আয়োজক অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তিনি বলেন, ইউরোপজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে আয়েবা। বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আরও বাড়াতে এখন থেকে প্রতি দুই বছর পরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হবে। প্রথম শীর্ষ সম্মেলনটি হচ্ছে মালয়েশিয়ায়।
বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় এ সম্মেলন হবে বলে জানান কাজী এনায়েত উল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে বিশ্বের প্রায় ৭০টি দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটের সাহায্যও চাওয়া হয়েছে। সম্মেলনের জন্য বাংলাদেশের ছয়টি খাতকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, খেলাধুলা ও পর্যটন। এসব খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা আয়োজকদের।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পরামর্শক আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ গ্লোবাল সামিটে বিভিন্ন দেশের সাংসদদের নিয়ে আসার বিষয়টিও ভাবা হচ্ছে। ছয়টি খাত নিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা আলোচনার মাধ্যমে সমস্যা ও সম্ভাবনাগুলো খুঁজে বের করবেন।
গ্লোবাল সামিটের প্রথম আয়োজন মালয়েশিয়ায় করার কারণ সম্পর্কে সংগঠনটির মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, ওই দেশে অনেক বাংলাদেশি আছেন। সেখানকার শ্রমবাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) সহযোগিতায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়েবা। এতে অ্যাসোসিয়েশনের পরামর্শক আব্বাস উল্লাহ, সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধি মনিরুজ্জামান লিটন, এম এ হক ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।