মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণের দায়ে চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় দুই বছর আগে এক বাংলাদেশিকে অপহরণ ও অন্যায়ভাবে আটকে রাখার মামলায় গতকাল সোমবার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। দুজনকে সাড়ে চার বছর এবং বাকি দুজনকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। খবর বারনামার।

সাজা পাওয়া এই অপরাধীদের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন। তাঁর নাম মো. বাবুল (৩৫)। দোষী সাব্যস্ত হওয়া আরেক ব্যক্তি হলেন মালয়েশিয়ার জে সেলভাম (৩৩)। বাকি দুজন হলেন ইন্দোনেশিয়ার নারী। তাঁদের নাম নূরহায়াতি সালেম (২৪) ও ইন্দাহ ইউলিনা (২৪)।

২০১৩ সালের ১৮ মার্চ মালয়েশিয়ার পুচংয়ের এক বাড়ি থেকে অপহৃত হন বাংলাদেশি নাগরিক মুরশ আলী। তাঁর পরিবারের কাছ থেকে অভিযুক্তরা আদায় করেন ৫ হাজার ৮০০ মালয়েশীয় রিংগিত।

মালয়েশীয় দণ্ডবিধির ৩৬৫ ধারা অনুযায়ী, এ ধরনের মামলায় সর্বোচ্চ সাত বছরের সাজা ও জরিমানা দেওয়ার বিধান রয়েছে। আদালতের কাছে সর্বোচ্চ সাজারই আবেদন করেছিলেন উপ-সরকারি কৌঁসুলি সিতি নূরবায়া জামিল। পরে অপরাধ স্বীকার করায় বাবুল ও সেলভাম প্রত্যেককে মালয়েশিয়ার হাইকোর্টের বিচারক দাতুক গাজালি ছা সাড়ে চার বছরের কারাদণ্ড এবং দুই নারীকে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দেন।

অভিযুক্তদের আটকের দিন, অর্থাৎ ২০১৩ সালের ২৮ মার্চ থেকে সাজার দিন গণনা শুরু করা হবে।