মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের এমআরপি দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার জন্য যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের শ্রমিকদের এমআরপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। পাসপোর্ট জালিয়াতিরও কোনো সুযোগ থাকবে না। এ জন্য মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের যত সহায়তা দরকার, তা দেওয়া হবে।’প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৬ মে মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বৈধ করার নীতিগত সিদ্ধান্ত নেয় দেশটি। এর ফলে সেখানে অবৈধ হয়ে থাকা প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। কিন্তু কলিং ভিসায় যাওয়া এসব বাংলাদেশির বেশির ভাগই কোম্পানি বদলে ফেলায় তাঁদের পাসপোর্ট নেই। ফলে তাঁদের সবার নতুন পাসপোর্ট লাগবে। ২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এর ফলে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় সেখানে যাওয়া প্রায় চার লাখ বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন। কারণ তিন বছরের চুক্তিতে তাঁরা মালয়েশিয়ায় গিয়েছিলেন।