মালয়েশিয়ায় বাংলাদেশিদের হয়রানি বেড়েই চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈধভাবে কুয়ালালামপুর গিয়ে বাংলাদেশের যাত্রীদের হেনস্তার ব্যাপারে মালয়েশিয়ার কাছে উদ্বেগ জানানোর পরও পরিস্থিতির উন্নতি হয়নি। এক সপ্তাহ আগে ঢাকায় মালয়েশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে এ নিয়ে উদ্বেগ জানানোর পরও কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশের যাত্রীরা এখনো হয়রানির শিকার হচ্ছেন।

বৈধ ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়ে কুয়ালালামপুরে হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশের নাগরিকেরা। অনেক ক্ষেত্রে বিমানবন্দরে নামার পর বাংলাদেশের নাগরিকদের অভিবাসন পুলিশের জেরার পর তাঁদের হাজতখানায় নিয়ে আটকে রেখে ফেরত পাঠানো হচ্ছে। আবার কাউকে কাউকে দেশে ফেরত পাঠানো হচ্ছে ফিরতি ফ্লাইটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এসব নিয়ে ঢাকায় মালয়েশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স ইদহাম জুহরি মোহামেদ ইউনুসকে গত সপ্তাহে মন্ত্রণালয়ে ডেকে উদ্বেগ জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে প্রয়োজনীয় ভিসা থাকার পরও বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে কর্মকর্তারা এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সকালে এই প্রতিবেদককে বলেন, কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশের নাগরিকদের হয়রানি ও দেশে ফেরত পাঠানোর ঘটনা কেন ঘটছে, তা মোহামেদ ইউনুসের কাছে জানতে চাওয়া হয়। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বলা হয়েছে, যাঁদের প্রবেশের ব্যাপারে কুয়ালালামপুরের আপত্তি আছে, তাঁদের ভিসা দেওয়ার ব্যাপারে দেশটি কঠোর হতে পারে। ভিসার জন্য আবেদন জমা দেওয়ার পর সবকিছু যাচাইবাছাই শেষে বাংলাদেশের লোকজনকে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন ভিসা দিচ্ছে। অথচ ভিসা নিয়ে মালয়েশিয়া বিমানবন্দরে যাওয়ার পর তাঁদের সে দেশে প্রবেশ করতে না দেওয়া গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশের যেসব নাগরিক মালয়েশিয়ার ভিসা পেয়েছেন, তাঁরা যেন কোনো রকম হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার বিষয়ে মালয়েশিয়ার কূটনীতিককে বলা হয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জুনের ৩০ তারিখের পর থেকে বাংলাদেশিদের হয়রানির মাত্রা বেড়েছে। অধিকাংশ ক্ষেত্রে বৈধ ভিসা নিয়েও কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি যে বাংলাদেশকে উদ্বিগ্ন করে তুলছে, সেটিও তাঁকে জানানো হয়।

মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানান, বিষয়টি নিয়ে তিনি কুয়ালালামপুরে কথা বলবেন।