মালয়েশিয়ায় বেসরকারিভাবে কর্মী পাঠানোর সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মালয়েশিয়ায় বেসরকারিভাবে কর্মী পাঠানোর সুযোগ নেই। তবে মালয়েশিয়া বাদে অন্য দেশে জনশক্তি রপ্তানিকারকেরা কর্মী পাঠাতে পারবেন। এ জন্য প্রয়োজনে তাঁদের সহযোগিতাও করবে সরকার। তবে তাঁদের প্রতারণা আর দালালনির্ভর ব্যবসা থেকে বেরিয়ে এসে কম খরচে কর্মী পাঠাতে হবে।
জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও বাজার সম্প্রসারণবিষয়ক এক মতিবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন। রাজধানীর লেডিস ক্লাবে এই সভার আয়োজন করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)।
সরকারিভাবে কর্মী পাঠানো ও তথ্যভান্ডার থেকে কর্মী নেওয়া নিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে এই খাতের ব্যবসায়ীদের চার বছর ধরে দ্বন্দ্ব চলছে। তবে দ্বিতীয় মেয়াদে খন্দকার মোশাররফ মন্ত্রী হওয়ার পর এই দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
সভায় জনশক্তি রপ্তানিকারকেরা এই খাতের নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েতসহ বড় বাজারগুলো বন্ধ। মালয়েশিয়ায় এখন লোক পাঠানোর সুযোগ আছে। সেখানে সরকারিভাবে (জিটুজি) লোক পাঠানো হচ্ছে। কিন্তু গত দুই বছরে মাত্র পাঁচ হাজার লোক সেখানে গেছে। বেসরকারি রপ্তানিকারকেরা পাঠালে এত দিনে কয়েক লাখ লোক যেত।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার কথা আপনারা ভুলে যান। সেই দেশে বেসরকারিভাবে লোক পাঠানোর কোনো সুযোগ নেই। তবে মালয়েশিয়া বাদে আরও ১৬৯টি দেশ আছে। আপনারা সেখানে যান। সেখান থেকে চাহিদা আনুন। ঘরে বসে দালালভিত্তিক ব্যবসা করবেন না।’
বায়রার সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মনসুর আহমেদ, নূর আলী, সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক সহসভাপতি রিয়াজ রহমান প্রমুখ।
সভায় প্রবাসীকল্যাণ সচিব খোন্দকার শওকত হোসেন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামাছুন্নাহার উপস্থিত ছিলেন।