মালয়েশিয়ায় বৈধ বাংলাদেশি শ্রমিক দুই লাখের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় বর্তমানে বৈধভাবে কাজ করছেন প্রায় ১৮ লাখ বিদেশি শ্রমিক। এর মধ্যে বাংলাদেশি শ্রমিক দুই লাখের বেশি। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এই তথ্য জানিয়েছেন।

উপপ্রধানমন্ত্রীর বরাত দিয়ে মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে মোট বৈধ বিদেশি শ্রমিক আছেন ১৭ লাখ ৮০ হাজারের মতো। সবচেয়ে বেশি বৈধ শ্রমিক সেখানে গেছে ইন্দোনেশিয়া থেকে। বর্তমানে ইন্দোনেশিয়ার ৭ লাখ ২৮ হাজার ৮৭০ জন শ্রমিক বৈধভাবে মালয়েশিয়ায় কর্মরত। নেপালের বৈধ শ্রমিক আছেন ৪ লাখ ৫ হাজার ৮৯৮ জন। এরপরের অবস্থান রয়েছে বাংলাদেশ। সেখানে বৈধভাবে কাজ করছেন ২ লাখ ২১ হাজার ৮৯ জন বাংলাদেশি।

এ ছাড়া মিয়ানমারের প্রায় ১ লাখ ২৮ হাজার, ভারতের প্রায় ১ লাখ ১৫ হাজার, পাকিস্তানের ৬০ হাজার, ফিলিপাইনের ৫৬ হাজার, ভিয়েতনামের ২৯ হাজার, চীনের ১৫ হাজার ও থাইল্যান্ডের ১৩ হাজার শ্রমিক বৈধভাবে মালয়েশিয়ায় কর্মরত।