মালয়েশিয়ায় বৈধ হতে পারবেন আরও ৩০ হাজার কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় প্রতারিত আরও প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মী বৈধ হওয়ার সুযোগ পাবেন। এ জন্য আগামী ২১ জানুয়ারির মধ্যে তাঁদের মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান স্পট কেন্দ্রে যেতে হবে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া ২০১১ সালে অবৈধদের বৈধ করার কর্মসূচি নেয়। দুই লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশি বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেন। কিন্তু ৩০ হাজার কর্মী দালালদের কারণে প্রতারিত হন। আমাদের যোগাযোগের পর মালয়েশিয়া সরকার তাঁদের বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে।’
মন্ত্রী বলেন, ২১ অক্টোবর থেকে আগামী বছরের ২১ জানুয়ারি পর্যন্ত তাঁরা বৈধ হতে পারবেন। এ জন্য নিয়োগকর্তাকে আঙুলের ছাপ, কর্মীর মূল পাসপোর্ট ও পুলিশি প্রতিবেদন নিয়ে মালয়েশিয়ার ওয়ান স্টপ সেন্টারে কাগজপত্র জমা দিতে হবে।
খন্দকার মোশাররফ বলেন, গত বুধবার সংসদে অভিবাসী আইন, ২০১৩ পাস হয়েছে। ভবিষ্যতে এই খাত একটা নিয়মের মধ্য দিয়েই চলবে। তিনি বলেন, নতুন আইনে প্রতারণার সাজা ও জরিমানা দুটিই অনেক বাড়ানো হয়েছে।
মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ৩০-৩২ হাজার টাকায় মালয়েশিয়ায় লোক যাচ্ছেন। একইভাবে সামনে সৌদি আরবেও ২০ থেকে ২৫ হাজার টাকায় লোক যাবে।