মালয়েশিয়ায় মাটি চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি এক শ্রমিক কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহ আলম মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন শাহ আলম মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি কনস্ট্রাকশন ফার্মের হয়ে গভীর গর্তে নেমে পাইলিংয়ের কাজ করছিলেন। ওই সময় আচমকা মাটি ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাঁর সহযোগী অন্যান্য বাংলাদেশি শ্রমিক লাশ উদ্ধার করেন। মঙ্গলবারই রাতে শাহ আলমের মৃত্যুসংবাদ বাংলাদেশে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়।তাঁর স্ত্রী ইয়াছমিন আক্তার (২৬) গতকাল বৃহস্পতিবার কাঁদতে কাঁদতে বলেন, ‘সুদে টাকা আইন্যা ঋণ কইরা ছয় বছর আগে হে (শাহ আলম) মালয়েশিয়া গেছিল। হেই ঋণের ট্যাহা এহনও অর্ধেকও শোধ হয় নাই। এহন আমি একটা প্রতিবন্ধী পোলাসহ তিন পোলা-মাইয়া লইয়া ক্যামনে চলুম?’ ছোট ভাই জহির মিয়া বলেন, ‘মঙ্গলবার রাইতে মালয়েশিয়া থেকে টেলিফোনে ভাইয়ের মৃত্যুর খবর পাইছি। কাইল (আজ শুক্রবার) ভোরে মালয়েশিয়া থেকে লাশ আসতাছে।’জিনোদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ ও জিনোদপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সাদেক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে নবীনগর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ‘স্থানীয় কিংবা সরকারের কোনো দপ্তর থেকে আমরা এখনো এ রকম কোনো মৃত্যুর খবর পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’