মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে আটক ১৪
সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে গতকাল রোববার বিকেল চারটার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য ফরিদপুরের ভাঙা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে টেকনাফ এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, টেকনাফ পৌরসভার পুরোনো বাসস্টেশনের একটি আবাসিক হোটেলে থানা পুলিশের উপরিদর্শক (এসআই) মো. হানিফ ও আবদুল মোনাফের নেতৃত্বে অভিযান চালানো হলে ১৪ ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সবুজ, চুন্নু ভূঁইয়া, উজ্জ্বল মাতবর, রেজাউল করিম, অলি শেখ, মো. আফজাল, নজরুল ইসলাম, মো. ফারুক, আমিনুর রহমান, বাবুল মিয়া, শাহেদ আলী, মো. শাহীন, হামিদ মোল্লা ও রিয়াজউদ্দিন।
আটক ব্যক্তিরা জানান, ‘দালাল চক্রের সদস্য ধলু হোসেনের নেতৃত্বে সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে জনপ্রতি অগ্রিম ২০ হাজার টাকা করে নিয়ে আমাদের টেকনাফে আনা হয়। মালয়েশিয়া পৌঁছানোর পর বাকি দেড় লাখ টাকা দেশে অবস্থানরত তাঁর লোকজনের কাছে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।’