মালয়েশিয়ায় যাত্রা, সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বার বাইন এলাকায় সাগরে গতকাল বুধবার ভোরে একটি ট্রলার ডুবে ২৫ জন নিখোঁজ রয়েছেন। ট্রলারটি অবৈধভাবে ১৩০ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছিল বলে জানা যায়। ট্রলারের যাত্রী মো. ইব্রাহিম, ইসমাইল, নূর হোসেনসহ কয়েকজন প্রথম আলোকে জানান, কক্সবাজার থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি রওনা দেয়। পরে দালাল চক্রের সদস্য শাহপরীর দ্বীপের ফিরোজ, ইসমাঈল, মাইক ইউনুচ, শরীফ হোসেন, গোলাম হোসেন, ইউনুচ, ধলু হোসেনের মাধ্যমে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আরও ৮৫ জনকে ট্রলারে তোলা হয়। বার বাইন এলাকায় সাগরে ট্রলারটি উল্টে যায়। এ সময় সাঁতার কেটে ও অপর একটি মাছ ধরার ট্রলারের সহযোগিতায় অনেকে তীরে আসতে সক্ষম হন।ফিরে আসা যাত্রীদের ভাষ্যমতে, তাঁদের সঙ্গে ট্রলারে ওঠা টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বদিউর রহমান, আমির হোসেন, কবির আহমদ, কালা মিয়া, ইদ্রিস মিয়া, সিরাজুল ইসলাম, আহমদ হোসেন, কামাল হোসেন, কাদির হোসেন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন, যাঁদের নাম তাঁরা জানেন না। কয়েকজন যাত্রী জানান, জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় যাওয়ার জন্য তাঁরা দালালদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য দালাল চক্রের সদস্যকে তাঁরা জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। বাকি টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর দালালদের নিয়োজিত ব্যক্তিদের হাতে দেওয়ার কথা ছিল। এলাকাবাসী সূত্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে টেকনাফের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় মানুষ পাচার হলেও স্থানীয় প্রশাসন পাচারকারী চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির খবর স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে পেয়েছি। সঠিক খবর না পাওয়া পর্যন্ত নিখোঁজ লোকজনের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’