মালয়েশিয়ায় যুবকের মৃত্যু বাড়িতে মাতম
মালয়েশিয়ায় ভবনে রঙের কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত জয়পুরহাটের আক্কেলপুরের আবু সাঈদ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার মারা গেছেন। আবু সাঈদের সহকর্মীরা গত শনিবার রাতে মুঠোফোনে তাঁর পরিবারের সদস্যদের এ খবর জানান।
আবু সাঈদের বাড়ি আক্কেলপুরের রোয়াইড় গ্রামে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই স্ত্রীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথাও হয়েছিল বলে জানা গেছে।
গতকাল রোববার নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে আবু সাঈদের বৃদ্ধ মা মোমেনা খাতুন ছেলের ছবি হাতে নিয়ে বিলাপ করছেন। পাশেই আবু সাঈদের স্ত্রী রেহেনা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন।
আবু সাঈদের বড় ভাই আবুল বাশার প্রথম আলোকে বলেন, আবু সাঈদ ২০০৭ সালে মালেশিয়ায় যান। কুয়ালালামপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে রঙের শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ১৬ ফেব্রুয়ারি বিকেল একটি ভবন রং করার সময় তাঁর ভাই পড়ে আহত হন। পরে শুক্রবার হাসপাতালে তিনি মারা যান। আবু সাঈদ এক পুত্রসন্তানের জনক।
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ‘আজ সকালেই পরিবারের পক্ষ থেকে আমাকে মালয়েশিয়াপ্রবাসী আবু সাঈদের মৃত্যুর কথা জানানো হয়েছে। আমি তাঁদের জেলা জনশক্তি রপ্তানি কার্যালয়ে যোগাযোগ করতে বলেছি।’