মালয়েশিয়ায় যেতে কাউকে টাকা নয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় যাওয়ার জন্য কাউকে কোনো ধরনের টাকা না দেওয়ার জন্য ফের সবাইকে সতর্ক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।

আজ বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে এ কথা বলেন মন্ত্রী। তিনি লেবানন ও জর্ডান সফর শেষে দেশে ফিরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়া শুরু হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। তার আগে কাউকে কোনো টাকা না দিতে আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজারের অবস্থা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার এখনো উন্মুক্ত হয়নি। এ বিষয়ে আমরা এখনো অন্ধকারে আছি। তারা (মালয়েশিয়া) কী করতে চায়, তা আমরা জানি না।’

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ সম্পর্কে নুরুল ইসলাম বলেন, ‘কাউকে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না।’

সম্প্রতি সৌদি আরব সব খাতে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু সেখানে যেতে অনেক খরচ হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, সৌদি আরবে যাওয়ার খরচ যাতে কম হয়, সে বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হবে।

জর্ডান ও লেবানন সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ দুটি ডাক্তার, নার্স, বিক্রয়কর্মীসহ বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

নুরুল ইসলাম বলেন, লেবাননের জনগণ বাংলাদেশি কর্মীদের পছন্দ করে। কেননা, বাংলাদেশি কর্মীরা অনেক আন্তরিক।

মন্ত্রী ৬-৯ আগস্ট জর্ডান সফরে ছিলেন। সফর প্রসঙ্গে তিনি বলেন, জর্ডানের শ্রমমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশি গৃহকর্মীদের সঠিক প্রশিক্ষণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, গৃহকর্মীদের সুরক্ষা দেওয়াসহ নানা বিষয় আলোচিত হয়েছে।

লেবানন সফরের বিষয়ে নুরুল ইসলাম বলেন, কর্মী প্রেরণ-সংক্রান্ত বিষয়ে উভয় দেশ দ্রুত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, লেবানন অনিয়মিত বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমা করবে। বিনা ভিসায় অবস্থানকারী নারী কর্মীদের জরিমানা পরিশোধ ছাড়াই দেশে প্রত্যাবর্তনে আশ্বাস দিয়েছে দেশটি।