বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মালয়েশিয়ায় যেতে দালাল বা নিয়োগ সংস্থার কোনো প্রয়োজন হবে না। লোক পাঠানোর কার্যক্রম শুরু হলে অনলাইনে নাম নিবন্ধন করে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে হবে। এতে সর্বোচ্চ ৪০ হাজার টাকা খরচ হবে। গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী হুঁশিয়ার করে দেন, দালালদের কাছে গিয়ে কেউ প্রতারিত হলে এর দায়ভার সরকার বহন করবে না।খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘বর্তমান সরকার আর ১০ মাস ক্ষমতায় আছে। আগামী অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে আমরা জনতার কাতারে নেমে যাব। এই মুহূর্ত থেকে আমি নির্বাচনমুখী হয়ে গেলাম এবং বিজয়ী না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন খন্দকার মোহতেশাম হোসেন, মোকাররম মিয়া, আ স ম জাহাঙ্গীর চৌধুরী, এ এইচ এম ফোয়াদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতা ও সংগঠনের পাশাপাশি মঞ্চে উঠে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার জামিল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান। সংবর্ধনা উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কে সাইনবোর্ড এলাকা থেকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় পর্যন্ত ১৭টি তোরণ নির্মাণ করা হয়। পদ্মা সেতু নিয়ে সাবেক এক মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ওই সাবেক মন্ত্রী কোনো দুর্নীতি করেননি।