মালয়েশিয়ায় সরকারিভাবে শ্রমিক পাঠানোর প্রস্তুতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় মালয়েশিয়া সরকারের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সে দেশে শ্রমিক পাঠানোর বিষয়ে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশে মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মিজ নরলিন বিটি ওসমান গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁকে এ কথা জানান। খবর বাসসের। হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা মালয়েশিয়ার হাইকমিশনারকে জানিয়েছেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে পারে। শেখ হাসিনা নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান এবং বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন খাতে, বিশেষ করে গৃহায়ণ, গণপূর্ত, বিদ্যুৎ ও মহাসড়কে বিনিয়োগের আগ্রহ দেখানোর জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান। মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে কম খরচে দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নের প্রশংসা করে বলেন, এটি বাংলাদেশের একটি দৃষ্টান্তমূলক সাফল্য এবং তা যেকোনো স্থানে অনুকরণীয় হতে পারে। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগরি এ উইলকক পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন অভিযোজন তহবিল গঠন এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশকে অব্যাহত সহায়তা দেওয়ায় অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান। পূজামণ্ডপ পরিদর্শন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে যান ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে রামকৃষ্ণ মিশনে যান। ঢাকেশ্বরীতে মণ্ডপ পরিদর্শনের সময় শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের জনগণের উদ্দেশে বলেন, ‘ধর্ম যার যার, আর উৎসব সবার—এই পরিবেশ সৃষ্টিতে আমরা সমর্থ হয়েছি।’ ঢাকেশ্বরী মন্দিরে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডার সি আর দত্ত, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার প্রমুখ। এরপর রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান মিশনের অধ্যক্ষ অমীয় আনন্দ মহারাজ।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ কোটি টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংগঠনের প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল অনুদানের চেক হস্তান্তর করে।