মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নারী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নারী নিহত ও তাঁর পরিবারের তিন সদস্যসহ নয়জন গুরুতর আহত হয়েছে। পর্যটনসমৃদ্ধ লঙ্কাবি দ্বীপে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। খবর বারনামা ও নিউ স্ট্রেট টাইমস-এর।
মালয়েশিয়ার এসব গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত বাংলাদেশি নারীর নাম জয়নব আবেদিন (৩২)। তিনি ও তাঁর চল্লিশোর্ধ্ব স্বামী এবং দুই সন্তান একটি টয়োটা ভায়োস গাড়িতে ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লঙ্কাবি দ্বীপের জালান পানতাই কক এলাকায় তাঁদের গাড়িটির সঙ্গে আটজনকে বহনকারী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের কমান্ডার ইয়াকুব হাসান বলেন, উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাংলাদেশি নারী জয়নবের মৃত্যু হয়। তাঁর স্বামী চালকের আসনে আটকা পড়ে ছিলেন। উদ্ধারকারীরা টেনে বের করে তাঁকে হাসপাতালে পাঠান। আর দুই সন্তান সংঘর্ষের সময় গাড়ি থেকে ছিটকে পড়ে। স্থানীয় ব্যক্তিরা আগেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কমান্ডার ইয়াকুব বলেন, ভ্যানটির আট যাত্রীর মধ্যে তিন নারীসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন অক্ষত রয়েছে।