মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির সরকার। প্রায় এক হাজার ৫০০ অবৈধ শ্রমিক আটক হয়েছেন। এর মধ্যে ২৫৫ জন বাংলাদেশি। খবর বিবিসি বাংলার।
বাংলাদেশ, নেপালসহ কয়েকটি দেশের লক্ষাধিক অবৈধ শ্রমিক মালয়েশিয়ায় আছেন বলে ধারণা করা হয়। আর অবৈধ বাংলাদেশি আছেন প্রায় ৩৫ হাজার।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের যেসব শ্রমিক সে দেশে আছেন, তাঁদের অনেকেই টুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানেই রয়ে গেছেন। কমিশনের সূত্রমতে, মালিকের মাধ্যমে যাঁরা গেছেন, তাঁরা হয়তো বৈধ হতে পেরেছেন। যাঁরা মালিক ছাড়া মধ্যস্বত্বভোগী বা দালাল ধরে গেছেন, তাঁরা সেটি পারেননি।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, যাঁরা বৈধ হতে পারেননি, তাঁরা জীবনেও বৈধ হতে পারবেন না। তাঁরা ওই দেশে বৈধ হওয়ার সমস্ত যোগ্যতা হারিয়েছেন। তার পরও যদি তাঁরা জোর করে থাকতে চান, তবে এর দায়িত্ব তাঁদেরই নিতে হবে। সরকার কোনো দায়িত্ব নেবে না। বাংলাদেশ তাঁদের জন্য আর কোনো সুযোগ চাইবে না।