মালয়েশিয়ায় ৬১ জন অবৈধ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া সন্দেহভাজন ১৬ আইএস জঙ্গিকে ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। গত রোববার শুরু হওয়া এই অভিযানে আটক কয়েক শ বিদেশি নাগরিকের মধ্যে অন্তত ৬১ জন বাংলাদেশি রয়েছেন। এসব বাংলাদেশির কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না।

কুয়ালালামপুরের একটি কূটনৈতিক সূত্র গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেছে, আসিয়ান গেমসকে সামনে রেখে অবৈধ শ্রমিকবিরোধী অভিযান নয়, সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুরস্ক থেকে মালয়েশিয়ায় ফেরত জঙ্গিরা গেমসে হামলা চালাতে পারে, এই আশঙ্কা থেকে এই অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, নাইজেরিয়া ও ওমানের ৪০৯ জনকে আটক করা হয়। পরে ২৭৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলা গেমসের সময় এ ধরনের অভিযান চলবে। অভিযানের সময় সন্দেহভাজন ইসলামি জঙ্গি, সন্দেহজনক কর্মকাণ্ডে যুক্ত লোকজন ও অবৈধ অভিবাসী—এই তিন পর্যায়ের যেকোনো ব্যক্তিকে আটক করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদিকে উদ্ধৃত করে গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, তুরস্ক হয়ে সিরিয়ায় আইএসে যোগ দিতে আগ্রহী সন্দেহভাজন ১৬ বিদেশি জঙ্গিকে আঙ্কারা কর্তৃপক্ষ আটক করে। এরপর মালয়েশিয়াকে আগাম কোনো তথ্য না দিয়ে তাঁদের কুয়ালালামপুরে ফেরত পাঠিয়েছে। মালয়েশিয়া এখন ওই ১৬ জঙ্গিকে খুঁজছে।

আটক বাংলাদেশিদের সম্পর্কে জানতে চাইলে কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ আটক ৬১ জন বাংলা ভাষাভাষীকে নিজেদের জিম্মায় নিয়েছে। অভিবাসন কর্তৃপক্ষের কাছে আটককৃতদের ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়েছি।’

জানা গেছে, সন্ত্রাসবাদবিরোধী বিশেষ স্কোয়াড বুকিত আমানের নেতৃত্বে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০০ সদস্য ‘অপারেশন জকার’ নামের অভিযানটি চালান। এ সময় আটক ৩২ বছর বয়সের এক পাকিস্তানি নাগরিকের কাছ থেকে বিভিন্ন দেশের ৬২টি জাল পাসপোর্ট, অভিবাসন দপ্তরের নকল স্টিকার তৈরির একটি মেশিন, ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিতসহ বেশ কিছু বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

মালয়েশিয়া পুলিশের সন্ত্রাসবাদ দমন বিভাগের প্রধান আয়ুব খান মাইদিন পিচাই রয়টার্সকে বলেন, ‘আমাদের এই অভিযানের মূল লক্ষ্য সন্ত্রাসবাদ বিশেষ করে সিরিয়ায় তৎপরতার সঙ্গে যুক্ত বিদেশিরা। এসব লোকজনের মালয়েশিয়ায় ঢুকে পড়ার বিষয়টি আমাদের বিচলিত করেছে। এদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।’

মালয়েশিয়ার কূটনৈতিক সূত্রগুলো বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার এক কর্মসূচি ই-কার্ড গত জুনে শেষ হওয়ার পর জুলাইয়ের প্রথম দুই সপ্তাহ পর্যন্ত অভিযানে প্রায় ৫ হাজার অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় দেড় হাজার বাংলাদেশের নাগরিক। অন্যদিকে, বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার অন্য কর্মসূচি রি-হায়ারিংয়ে নিবন্ধনের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও ধরপাকড়ের ভয়ে অনেকেই নিবন্ধিত হতে পারছেন না। বিষয়টি বাংলাদেশ কয়েক দফা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে তুলেছে। বাংলাদেশ বলেছে, কোনো রকম ভয়ভীতি ছাড়াই যেন বাংলাদেশের লোকজন এই নিবন্ধনের সুযোগ নিতে পারেন। কারণ এখন পর্যন্ত দুই কর্মসূচিতে প্রায় ২ লাখ ৯০ হাজার বাংলাদেশি নিবন্ধিত হয়েছেন। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।