মালয়েশীয় বিমান অনুসন্ধানে বঙ্গোপসাগরে নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমান অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ পাওয়ার পর গতকাল শনিবার সকাল থেকে নৌবাহিনীর দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ) ও দুটি বড় আকারের যুদ্ধজাহাজ (ফ্রিগেট) মোতায়েন করা হয়েছে।
নৌবাহিনীর উচ্চপর্যায়ের সূত্র জানায়, আজ সকালে বিএনএস ওমর ফারুক ও বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট বঙ্গোপসাগরের উদ্দেশে বন্দর ছেড়েছে। এর আগে দুটি এয়ারক্রাফট উড়ে গেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানা পর্যন্ত তারা অনুসন্ধান চালাবে। এর বাইরে কোনো কিছু দৃষ্টিগোচর হলে তারা তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাবে।
এই পেট্রোল এয়ারক্রাফট ও ফ্রিগেটে দূর থেকে কোনো কিছু স্পষ্টভাবে দেখার অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে।
গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে বঙ্গোপসাগর ও নিকটবর্তী এলাকায় অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত রয়েছে, প্রয়োজনে এটা আরও সম্প্রসারিত করা হতে পারে।
উল্লেখ্য, মালয়েশিয়া এয়ারলাইনসের যাত্রীবাহী এমএইচ-৩৭০ (বোয়িং-৭৭৭) বিমান ১৪ দেশের ২৩৯ যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ৮ মার্চ মধ্যরাতে নিখোঁজ হয়। এরপর গত এক সপ্তাহ দক্ষিণ চীন সাগরে অনুসন্ধান চালিয়ে কোনো খোঁজ মেলেনি। বিমানটি বঙ্গোপসাগরের দিকে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।